ম্যান ইউ ছাড়তে চান রুনি: ফার্গুসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েক দিন ধরেই জোর গুজব চলছিল, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন ওয়েইন রুনি। এমন কি ম্যান ইউ ছেড়ে কোথায় পাড়ি জমাচ্ছেন—তা নিয়েও চলছিল জোর আলোচনা। তবে এত দিন এসব গুজব উড়িয়ে দিলেও ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসন আজ মঙ্গলবার জানিয়েছেন, সত্যি সত্যিই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান রুনি।২০০৪ সালে ১৮ বছর বয়সে রেকর্ড ২৫.৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রুনি। ২০০৭ সাল থেকে ম্যান ইউয়ের টানা তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পেছনে অন্যতম কারিগর হিসেবে ছিলেন এই ইংলিশ স্ট্রাইকার। ২০০৮ সালে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ শিরোপাও। রুনি-ফার্গুসনের মধুর সম্পর্কের কথাও সর্বজনবিদিত। কিন্তু সাম্প্রতিক সময়ে রুনির ফর্মহীনতা আর ব্যক্তিগত জীবনে যৌন-কেলেঙ্কারির কারণে সেই সম্পর্কে কিছুটা চিড় ধরেছিল বলে ধারণা অনেকেরই। কিন্তু তার পরও প্রিয় শিষ্যের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ফার্গুসন। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা একেবারে হতবাক হয়ে গেছি। কিছুতেই বুঝতে পারছি না, কেন সে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চায়।’ তবে রুনির জন্য ক্লাবের দরজা সব সময়ই খোলা থাকবে বলে জানিয়েছেন ফার্গুসন।রুনির ওল্ড ট্রাফোর্ড ছাড়ার খবর চাউর হওয়ার পর থেকেই তাঁকে পাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে প্রিমিয়ার লিগে ম্যান ইউয়ের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী চেলসি আর ম্যানচেস্টার সিটি। মেইল অনলাইন জানিয়েছে, রুনি নাকি নিজেও ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। তাহলে আর কিছুদিনের মধ্যেই হয়তো দেখা যেতে পারে, তেভেজের সঙ্গে জুটি বেঁধে ম্যান ইউয়ের রক্ষণভাগ ছত্রভঙ্গ করে দিচ্ছেন ওয়েইন রুনি!