ম্যান ইউকে নিয়ে বিনয়ী গার্দিওলা
বার্সা কোচ পেপ গার্দিওলার কণ্ঠে প্রভূত বিনয়। ২৮ মে’র চ্যাম্পিয়নস লিগের ফাইনালের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে শ্রদ্ধার চোখেই দেখছেন তিনি। কোনো মতেই আচার-আচরণে যেন হামবড়া ভাব বেরিয়ে না আসে সে লক্ষ্যে দারুণ সতর্কও তিনি। বলেছেন, বার্সা-ম্যান ইউ মহারণটা হবে সেয়ানে-সেয়ানে। এই লড়াইয়ে কোনো ফেবারিট তত্ত্ব কাজে আসবে না। বার্সেলোনাকেও এগিয়ে রাখতে নারাজ তিনি।চ্যাম্পিয়নস লিগ এই মৌসুমের ফাইনালে সেরা দুটো দলকেই পাচ্ছে। পুরো ইংলিশ মৌসুমজুড়েই স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড অসম্ভব রকমের ধারাবাহিক। ধারাবাহিকতার অনুপম প্রদর্শনীতে এবারের প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা রানার্স আপের সঙ্গে নয় পয়েন্টের ব্যবধান রেখে। অন্যদিকে বার্সেলোনার জোরদার ফুটবল আর ব্যক্তি প্রতিভার দ্যুতি দেখে অনেকেই তাদের সর্বকালের সেরা ফুটবল দলেরও আসনে বসাতে চাচ্ছেন।গার্দিওলা প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্কে দারুণ উচ্চ ধারণা পোষণ করেন। তাঁর মতে, দলটি ধারাবাহিক ও দারুণ শক্তিশালী। এর পাশাপাশি ব্যাকআপ খেলোয়াড়ের বুনিয়াদ খুব শক্ত হওয়ায়, তারা নানা কম্বিনেশন তৈরি করতে পারে। গার্দিওলা ম্যানচেস্টার ইউনাইটেডকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল হিসেবেও চিহ্নিত করেছেন।তবে গার্দিওলা আশাবাদী যে তাঁর দল দুই বছর আগের রোমকে ওয়েম্বলিতে ফিরিয়ে নিয়ে আসবে। সেই ম্যাচে বার্সেলোনা ২-০ গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে নিয়েছিল।‘আমরা ২৮ মেতেও তেমনই একটা কিছু করতে চাই। তবে এবারের ম্যান ইউ কিন্তু দুই বছর আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। গার্দিওলার মতে, ‘দারুণ উত্তেজনাময় একটি ফাইনালই দর্শকদের জন্য অপেক্ষা করছে।’গার্দিওলা তাঁর প্রতিপক্ষ স্যার অ্যালেক্স ফার্গুসনকে বর্তমান ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ম্যানেজারেরও স্বীকৃতি দিয়ে দিয়েছেন। বলেছেন, ফার্গুসনের তুলনা নেই। তিনি দুনিয়ার অন্যতম সেরা ফুটবল ব্যক্তিত্ব।’ ওয়েবসাইট।