ম্যান সিটিতে চিন্তিত মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাজিত থেকেই মৌসুমের শুরুটা হয়েছে। মৌসুম উদ্বোধক কমিউনিটি শিল্ডে চেলসিকে হারিয়ে শিরোপা জয়। লিগের প্রথম ম্যাচে সাউদাম্পটনকে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু। পরের ম্যাচে লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়ে ফেরা। মন্দ কী?সমস্যা হলো, তিন ম্যাচেই ম্যানচেস্টার সিটিকে মাঝেমধ্যেই ছন্দহীন মনে হয়েছে। রবার্তো মানচিনির দলকে আসলে ক্লান্ত দেখাচ্ছে। ইউরো ২০১২-র ধকলটা যে সবচেয়ে বেশি তাদের ওপর দিয়েই গেছে। দলের বড় ভরসাগুলোর বেশির ভাগই গত মৌসুম শেষ করেই ইউরোতে খেলতে গিয়েছিল। জো হার্ট, লেসকট, মিলনার, সামির নাসরি, ডেভিড সিলভা, মারিও বালোতেল্লিরা তাই বিশ্রামের সময় পেয়েছেন খুব কমই। অনেকেই প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অনেক দেরিতে। সব মিলিয়ে মানচিনির কপালে দুশ্চিন্তার ভাঁজ।খেলোয়াড়দের ধকল কাটিয়ে ওঠার জন্য অদলবদল করে খেলাতে হচ্ছে। ভাগ্য ভালো, মৌসুমের শুরু থেকেই কার্লোস তেভেজ আছেন দুর্দান্ত ফর্মে। তিন ম্যাচেই গোলের দেখা পেয়েছেন গত মৌসুমের ‘বিদ্রোহী’ তেভেজ। গত ম্যাচে তাঁর গোলেই শেষের দিকে লিভারপুলের সঙ্গে ড্র করেছে সিটি। আজ লিগে নিজেদের মাঠে কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে খেলা। এই মৌসুমে শক্তি বাড়িয়ে বড় হুমকি হয়ে উঠতে চাওয়া কিউপিআর আজ ভালো সমস্যাই করতে পারে সিটির। এএফপি।