ম্যান সিটিতে থাকবেনই না তেভেজ!
শোনা যাচ্ছিল ম্যান সিটি আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজের ক্লাব ছাড়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। কিন্তু তেভেজ নিজেই ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ার তাঁর ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। বলেছেন, ক্লাবের কয়েকজন গুরুত্বপূর্ণ কর্তার সঙ্গে সম্পর্কটা এমন বাজে জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে ফেরার তাঁর আর কোনো পথ নেই। কিছু সম্পর্ক কখনো মেরামত করা যায় না, কার্লোস তেভেজের সঙ্গে ম্যান সিটির কয়েকজন কর্মকর্তার সম্পর্ক নাকি অনেকটা তেমনই। ব্রিটিশ সংবাদমাধ্যমে অনেক আগে থেকেই ফিসফাসটা ছিল। কোচ রবার্তো মানচিনির সঙ্গে আর্জেন্টাইন প্লে মেকারের সম্পর্কটা নাকি মোটেও ভালো যাচ্ছে না। বিভিন্ন বিষয়ে দুজনের খিটিমিটি লেগেই ছিল। তবে তেভেজ ব্রিটিশ গণমাধ্যমের এত দিনের কানাঘুষাকে একপ্রকার উড়িয়ে দিয়েই বলেছেন, কোচ মানচিনির কারণে তিনি ম্যান সিটি ছাড়তে চাচ্ছেন, ব্যাপারটি ঠিক নয়। মানচিনির সঙ্গে তাঁর তেমন কোনো ‘ব্যক্তিগত’ ঝামেলা নাকি নেই। ম্যান সিটি ছেড়ে দেওয়ার লিখিত আবেদনে তিনি পারিবারিক কারণের কথাই উল্লেখ করেছিলেন। গৃহকাতর তেভেজ সুযোগ পেলেই উড়ে গেছেন আর্জেন্টিনায়, এমন খবর বেশ কয়েকবারই শোনা গেছে। তবে কোচের সঙ্গে ঝামেলার ব্যাপারটা উড়িয়ে দিলেও ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিবাদের ব্যাপারটা আড়াল করেননি তেভেজ। তিনি স্পষ্টভাবেই বলেছেন, ‘ক্লাবের কিছু কর্মকর্তার সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে গেছে, আর এটা এখন জোড়া লাগাও সম্ভব নয়। এ অবস্থায় আমি এখানে আর চালিয়ে যেতে পারছি না। তারাও ব্যাপারটা জানে। আমি তাদেরকে বলেছি।’ গত গ্রীষ্মেই নাকি তেভেজ ম্যান সিটি ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ক্লাবের দীর্ঘদিনের উপদেষ্টা কিয়া জুরাবচিয়ানের অনুরোধে সেবার আটকানো গিয়েছিল তেভেজকে। কিন্তু এবার আর সেই পরিস্থিতিও নেই। ক্লাব কর্তৃপক্ষ পুরো ব্যাপারটাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে।তেভেজের সঙ্গে ম্যান সিটির এখনো প্রায় সাড়ে তিন বছরের চুক্তি আছে। তেভেজের অনিচ্ছা সত্ত্বেও চুক্তির জোরেই ম্যান সিটি যদি তাঁকে জোর করে আটকে রাখতে পারে। কিন্তু সে ক্ষেত্রে তেভেজ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সেরা পারফরমেন্সটা দিতে পারবেন কি না, সেই আশঙ্কাটা থেকেই যাবে। বিবিসি অনলাইন।