ম্যান সিটিতে ফিরলেন রবিনহো
নিজের তৈরি করা ‘ফাঁদ’ থেকে বের হয়ে আসার বড় চেষ্টা করেছিলেন। চেষ্টা করেছিলেন সান্তোসে না হোক ম্যানচেস্টার সিটির তাঁবু ছেড়ে অন্য কোথাও যেতে। কিন্তু ইচ্ছাপূরণ হয়নি রবিনহোর। আবার ফিরে আসতে হয়েছে ইস্টল্যান্ডেই। আর ম্যান সিটি থেকে এত সহজে যে মুক্তি মিলছে না তার প্রমাণ, চলতি মৌসুমের জন্য ২৫ সদস্যের দলে রবিনহোর নাম রেখে দিয়েছেন রবার্তো মানচিনি।রবিনহো রিয়াল মাদ্রিদের হয়ে কেবল আলো ছড়াতে শুরু করেছিলেন। তখনই কী যে মতি হলো! রেকর্ড ৩ কোটি ২৫ লাখ পাউন্ড চুক্তিতে যোগ দিলেন মুড়কির মতো টাকা ওড়াতে থাকা ম্যান সিটিতে। প্রথম মৌসুমটা মোটামুটি ভালোই কেটেছিল। কিন্তু দ্বিতীয় মৌসুমের মাস তিনেক খেয়ে নিল চোট। নতুন কোচ মানচিনির সঙ্গেও ঠিক বনিবনা হলো না পরে।এ বছরের জানুয়ারিতে তাই ধারে খেলতে ফিরে গিয়েছিলেন পুরোনো ক্লাব সান্তোসে। তখন থেকেই ব্রাজিলিয়ান তারকা বারবার বলছিলেন, আর ম্যান সিটিতে ফিরতে চান না। রবিনহোকে কেনার মতো টাকা নেই সান্তোসের। আবার মানচিনিও রবিনহোকে কিছুতেই বেচতে চাইলেন না, ফিরিয়ে আনলেন ইস্টল্যান্ডে।গতকাল ঘোষিত ২৫ সদস্যের দলে রবিনহোর নাম রেখে মানচিনি বললেন, এখনো কথাবার্তা তেমন হয়নি রবিনহোর সঙ্গে, ‘ও মাত্র গতকালই (পরশু) এসে পৌঁছেছে। বিশ্বকাপ ও অন্য যেসব ম্যাচ খেলেছে সেসবের ধকলও আছে। তার পরও ও আমার তালিকায় আছে। আমি ওর সঙ্গে সবকিছু নিয়ে আগামী সপ্তাহে কথা বলব।’রবিনহোর পৌঁছানোর দিনেই ম্যান সিটিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এসে পৌঁছানোর কথা মারিও বালোতেল্লির। ইতালির এই স্ট্রাইকার ইন্টার মিলান থেকে এসে যোগ দিয়েছেন ম্যান সিটিতে। ম্যান সিটির তালিকায় থাকলেও রবিনহোকে সেরা একাদশে জায়গা পেতে বালোতেল্লির সঙ্গে লড়তে হবে।আসলে রবিনহোর জন্য মানচিনি বেশ ভালোই একটা লড়াই জমিয়ে রেখেছেন। যদিও মানচিনির ২৫ জনের তালিকায় ওয়েলসের ক্রেইগ বেলামির নাম নেই। কিন্তু আছে ইমানুয়েল আদেবায়োর, রক সান্তা ক্রুজ, জো, কার্লোস তেভেজ ও বালোতেল্লি। সেরা একাদশে জায়গা পেতে হলে এসব ফরোয়ার্ডের সঙ্গে লড়তে হবে রবিনহোকে। রয়টার্স, ওয়েবসাইট।