ম্যান সিটিতেই থাকছেন তেভেজ
ম্যান সিটি কর্তৃপক্ষের কাছে নতুন বছরের শুরুতেই দলবদলের যে আবেদন করেছিলেন, তা শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস তেভেজ। গত শুক্রবার কোচ রবার্তো মানচিনির সঙ্গে অনেক বিষয়ে খোলামেলা আলোচনার পর ম্যান সিটিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।গতকাল প্রায় দুই সপ্তাহ পর আবার ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে অধিনায়ক হিসেবেই মাঠে নেমেছিলেন তেভেজ। ক্লাব ছাড়া না-ছাড়া নিয়ে ম্যান সিটির সঙ্গে যে মন কষাকষি, তার কোনো প্রভাব দেখা যায়নি কার্লোস তেভেজের খেলায়। যদিও শেষ অবধি ম্যান সিটি হেরে গেছে ২-১ গোলে। তার পরও পুরো খেলা জুড়েই মাঠে দাপটের সঙ্গে বিচরণ করেছেন তেভেজ। অতিরিক্ত সময়ে তাঁর একটা জোরালো শট এভারটন গোলরক্ষক অসাধারণ দক্ষতায় রুখে না দিলে হয়তো গোলও পেয়ে যেতে পারতেন তিনি।এভারটনের বিপক্ষে এই ম্যাচটা জিততে পারলে অল্প সময়ের জন্য হলেও প্রিমিয়ার লিগের শীর্ষে চলে যেতে পারত ম্যানচেস্টার সিটি। তবে হেরে গেলেও শেষ পর্যন্ত দলের সেরা খেলোয়াড় তেভেজ থেকে যাওয়াতেই বেশি খুশি ম্যান সিটি কোচ মানচিনি। তিনি বলেছেন, ‘মনে হয় আমরা তেভেজের বিষয়টা সমাধান করতে পেরেছি। এটা খুবই ভালো একটা সংবাদ। আমি এ জন্য খুবই খুশি। তেভেজ একজন বিশ্বমানের খেলোয়াড়। ম্যান সিটিতে যোগ দেওয়ার পর সে অনেক কিছুই বদলে দিয়েছে। আশা করছি ভবিষ্যতেও সে ক্লাবের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এটা ভেবে আরও ভালো লাগছে, আমরা এখন আবার পুরোপুরি ফুটবল নিয়েই মনোযোগী হতে পারব।’ রয়টার্স।