ম্যান সিটিতেই থাকছেন মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজব রটেছিল, ম্যানচেস্টার সিটির পাঠ চুকিয়ে রাশিয়ায় চলে যেতে পারেন রবার্তো মানচিনি। কিন্তু সিটির সঙ্গে আরও পাঁচ বছরের জন্য গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়ে গুজবটাকে ‘গুজব’ই করে দিলেন ইতালিয়ান এই কোচ। সিটির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে এই খবর। দলকে ১৯৬৮ সালের পর প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ জেতানোর পরে সিটি যে তাঁকে লম্বা সময়ের জন্য চাইবে, এটা অনুমিতই ছিল। মানচিনি নিজে থাকবেন কি না, সেটাই ছিল প্রশ্ন। অবশেষে দুই পক্ষের সমঝোতার পর ২০১৭ সাল পর্যন্ত চুক্তি করেছেন মানচিনি।২০০৯ সালে মার্ক হিউজের স্থলাভিষিক্ত হয়েছিলেন মানচিনি। তখন থেকেই বদলে যাওয়া সিটির দায়িত্ব তাঁর কাঁধে। দেদার টাকায় একঝাঁক প্রতিভাবান খেলোয়াড়কেও ভিড়িয়েছেন দলে। যদিও গত মৌসুমে শিরোপা অনিশ্চিত ছিল শেষ ম্যাচ পর্যন্ত। কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে মহানাটকীয়তার ম্যাচের জয়েই পরম আরাধ্য লিগটা জেতে তারা। নতুন চুক্তি করে ‘আনন্দিত’ মানচিনি বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি একটা দারুণ ফুটবল ক্লাব। আরও পাঁচ বছরের জন্য সিটির জন্য কিছু করতে পারব বলে আমি আনন্দিত। আমাদের সাম্প্রতিক সাফল্যের ওপর ভর করে যে সুযোগটা এসেছে, সেটা আসলেই বিশাল।’ অতৃপ্তি বলতে কিছু যদি থাকে তবে সেটা হলো, এখনো কোনো ইউরোপিয়ান শিরোপা না জেতা। সিটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী জন ম্যাকবেথ আশা করছেন, এ মৌসুমেই সেই অতৃপ্তি মানচিনি ঘুচিয়ে দেবেন। এএফপি।