ম্যান সিটিতেই ফিরলেন তেভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টারে ‘কোনো কিছু নেই’, ‘খুবই ব্যয়বহুল’, ‘আবহাওয়াটাও ভালো না’। কাজেই ‘আমি কখনো আর ম্যানচেস্টারে ফিরে যাব না। এমনকি ছুটির দিনেও না, কোনো কিছুর জন্যই না’—গত জুনে আর্জেন্টিনার এক টেলিভিশনে এভাবেই ম্যানচেস্টার সিটির সমালোচনা করে আর ফিরবেন না বলেছিলেন কার্লোস তেভেজ। কিন্তু এই অঙ্গীকার রক্ষা করা তাঁর পক্ষে সম্ভব হলো না। কোথাও ঠিকানা করতে না পেরে ভবিষ্যৎ অনিশ্চিত জেনেও তেভেজকে ফিরে আসতে হলো ম্যান সিটিতেই।কোপা আমেরিকার ব্যর্থ মিশন শেষ করে এবং ছুটি কাটিয়ে গত পরশুই ম্যান সিটিতে ফিরেছেন তিনি। সোমবার টেলিভিশনের ভিডিও ক্লিপে ম্যান সিটির অনুশীলন মাঠে দেখা গেছে এই আর্জেন্টাইনকে।তেভেজের এই ফেরা আসলেই অনিশ্চয়তা মাথায় নিয়ে। যাব যাব করেও কোথাও যাওয়া হয়নি। তাঁর সাবেক ক্লাব করিন্থিয়ান্স চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেও দলবদলের সময় শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত সরে দাঁড়ায়। ব্রাজিলিয়ান ক্লাবটিতে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর তেভেজ যোগাযোগ রেখেছেন ইন্টার মিলানের সঙ্গে। কিন্তু কোনো কিছুই নিশ্চিত নয়। এদিকে ফুরিয়ে আসছে দলবদলের সময়। আর ম্যান সিটিও ইতিমধ্যে দলে টেনেছে তেভেজেরই স্বদেশি ম্যারাডোনা-জামাতা সার্জিও আগুয়েরোকে। তাঁকে দলে তেভেজেরই বিকল্প মনে করা হচ্ছে।গত মৌসুমে ক্লাবকে এফএ কাপের শিরোপা এবং লিগে তৃতীয় করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক তেভেজ। লিগে করেছিলেন যৌথভাবে সর্বোচ্চ ২০ গোল। কিন্তু গত দুই মাসের ঘটনাপ্রবাহে ম্যান সিটিতেও যে তাঁর জায়গা অনিশ্চিত, তার ইঙ্গিত মিলছে ডেভিড প্লাটের কথাতেই। আগামী সোমবারই প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু হচ্ছে ম্যান সিটির। সহকারী কোচ নিশ্চিত করে বলছেন না এতে তেভেজকে দেখা যাবে কি না, ‘আমি মনে করি, এটা হবে খুবই কঠিন। কিন্তু তেভেজ বিস্ময়কর একজন। ফিট হতে হয়তো ওর খুব বেশি সময়ের দরকার হবে না...দেখা যাক।’ রয়টার্স, এএফপি।