শিরোপার পথে রিয়াল মাদ্রিদ ছুটছিল পাগলা ঘোড়ার মতো। কিন্তু গত রোববার হঠাৎই হোসে মরিনহোর দলের দুরন্ত যাত্রায় লাগাম পরিয়েছে মালাগা। ১-১ গোলের ড্র শুধু রিয়ালের টানা ১১ ম্যাচ জয়ের ধারাতেই ছেদ ফেলেনি, দুই পয়েন্ট হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও নেমে এসেছে আটে। অনেকেরই বিশ্বাস, রিয়ালের ওই ড্রতে কিছুটা হলেও বার্সেলোনার শিরোপার আশা পুনরুজ্জীবিত।সেটাই যদি হয়, তাহলে গতকাল গ্রেনাডার বিপক্ষে জিতে থাকলে বার্সেলোনা শিরোপা দৌড়ে ফিরেছে ভালোমতোই। জিতলে পয়েন্টের ব্যবধানটা নেমে এসেছে পাঁচে। এ অবস্থায় আরেকবার পা হড়কালেই বিপদ। আজ তাই ভিয়ারিয়ালের বিপক্ষে মরিনহোর দল মাঠে নামছে সতর্ক হয়েই। তবে এ ম্যাচ নয়, ফুটবলপ্রেমীদের কৌতূহলী দৃষ্টিটা থাকবে ম্যানচেস্টার শহরের ইস্টল্যান্ডের দিকে। ইস্টল্যান্ডে আজ যে ম্যানচেস্টার সিটির চেলসি-পরীক্ষা। পরীক্ষা চেলসিরও নয় কি!কদিন আগেও পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ম্যান সিটি। কিন্তু ১১ মার্চ সোয়ানসি সিটির বিপক্ষে ১-০ গোলে হেরে শীর্ষস্থান হারায় রবার্তো মানচিনির দল। গত রোববার উলভারহ্যাম্পটনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গেছে চার পয়েন্টে। নগর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে তাই জয় চাই সিটির। কিন্তু সামনে চেলসি নামের বড় বাধা।এই সেদিনও চেলসি ছিল দিগ্ভ্রান্ত এক দল। কোচ আন্দ্রে ভিলাস-বোয়াস বরখাস্ত হয়েছেন, খণ্ডকালীন কোচের দায়িত্ব নিয়ে রবার্তো ডি মাত্তেও সেই চেলসিকেই জাগিয়ে তুলেছেন। তাঁর সময়ে চেলসি চার ম্যাচের চারটিতেই জিতেছে। এর মধ্যে আছে চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে ঐতিহাসিক জয়ও। প্রথম লেগে ৩-১ গোলে হেরে আসায় দ্বিতীয় লেগে দরকার ছিল বিশেষ কিছু। মাত্তেও জাদুতে ৪-১ গোলে জিতে চেলসি উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ওয়েবসাইট।ম্যান সিটি-চেলসি ম্যাচটি কৌতূহল জাগাচ্ছে আরও একটি কারণে। এই ম্যাচেই কার্লোস তেভেজকে মাঠে নামাতে পারেন মানচিনি। এএফপি