ম্যানইউ, বার্সা কিংবা জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই রইল ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ লিগের শীর্ষে উঠেছে বার্সেলোনা। আর ইতালির গোটা মিলান শহরটাই ভারী পরাজয়ের হতাশায়। আগের দিন ইন্টার মিলান হেরেছে, পরশু জুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলান।একটা উদ্বেল সপ্তাহই কেটেছে ম্যানচেস্টার সিটির। তেভেজ-বিতর্কের সেই অশান্ত সময় পেছনে ফেলেছে তারা। বোল্টনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জনসন, বালোতেল্লি, নাসরি ও সাভিচের গোলে। ম্যানচেস্টারের সবচেয়ে বিখ্যাত ক্লাব ম্যানইউ নরউইচকে হারিয়েছে ২-০ গোলে। ৭ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানে শীর্ষে চ্যাম্পিয়ন ম্যানইউ।সিটির মতো প্রতাপ ছড়িয়ে জিতেছে চেলসিও। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের হ্যাটট্রিকে বোল্টনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ‘ব্লু’রা। তবে ম্যানইউ আর লিভারপুল অতটা প্রতাপে জিততে পারেননি। নরউইচের বিপক্ষে প্রথম গোল পেতে ম্যানইউকে অপেক্ষা করতে হয় ৬৮ মিনিট পর্যন্ত। অ্যান্ডারসনের গোলে এগিয়ে যাওয়ার পর ৮৭ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ড্যানি ওয়েলবেক। ১০ জনের এভারটনের বিপক্ষে ৭১ ও ৮২ মিনিটে গোল করে লিভারপুলকে ২-০ গোলে জেতান অ্যান্ডি ক্যারল ও লুইস সুয়ারেজ। স্পেনে চোট-জর্জরিত বার্সেলোনা স্পোর্টি গিজনকে হারিয়েছে ১-০ গোলে। মেসি, ভিয়া নন, ১২ মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আদ্রিয়ানো। এই গোলটা হয়েছিল বলে, না হলে পয়েন্ট তালিকার তলানির দল স্পোর্টিং গিজন দুর্দান্ত রক্ষণাত্মক খেলে বার্সেলোনাকে ড্র করতে হয়তো বাধ্যই করত। নতুন লিগ মৌসুমে প্রতিপক্ষের মাঠে প্রথম জয় পাওয়া বার্সা ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে লেভান্তে। গঞ্জালো হিগুয়েইনের হ্যাটট্রিকে এসপানিওলকে ৪-০ গোলে হারিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৩ পয়েন্ট তাদের।ইতালির ফুটবলে পরশু জুভেন্টাস হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। রেকর্ড ২৭ বারের সিরি ‘আ’ চ্যাম্পিয়ন জুভেন্টাসের জয়টা এসেছে অবশ্য স্রোতের বিপরীতে। পুরো ম্যাচেই নিয়ন্ত্রণ ছিল এসি মিলানের। অথচ অন্তিম মুহূর্তে মার্চিসিওর জোড়া গোলে সেটি নিজেদের করে নিয়েছে তুরিনের ‘ওল্ড লেডি’রা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে গেছে জুভরা।জার্মানিতে হফেনহেইমের সঙ্গে গোলশূন্য ড্র করেও শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ভেরডার ব্রেমেন হ্যানোভারের কাছে ২-৩ গোলে হেরেই সুবিধা করে দিয়েছে বায়ার্নের। ৮ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ১৯, সমান ম্যাচে ভেরডার ব্রেমেনের ১৬ পয়েন্ট। এএফপি।