ম্যানইউ ঘুরে দাঁড়াবে: রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের পয়েন্ট সমান, ৮৯। তবে ম্যানইউর ঘরে নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা গেছে ম্যানইউর চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানসিটির ঘরে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় গত পরশু ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটেছে সিটির।শিরোপা হারিয়ে ম্যানইউ মর্মাহত, হতাশ। হতাশার বড় কারণ, শিরোপাটা যে একেবারে হাতের কাছ থেকে বেরিয়ে গেছে! শিরোপা-নির্ধারণী ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট প্রতিপক্ষ কিউপিআরের চেয়ে পিছিয়ে ছিল সিটি। ইনজুরি টাইমে সিটি নাটকীয়ভাবে দুটি গোল না পেলে শিরোপা তো ম্যানইউর ঘরেই যেত!শিরোপা হারানোর জ্বালা কতটা ভয়াবহ, তা ম্যানইউর বর্ষসেরা খেলোয়াড় ওয়েইন রুনির কথা থেকেই স্পষ্ট। এমইউটিভিকে দেওয়া সাক্ষাত্কারে ২৬ বছর বয়সী রুনি বলেছেন, ‘দিনটা আমাদের সবার জন্য খুব কষ্টের ছিল। একবার মনে হয়েছে, শিরোপা আমাদের হতে চলেছে। আবার মনে হয়েছে, শিরোপা যাচ্ছে সিটির ঘরে। মুহূর্তটা সত্যি হূদয়বিদারক ছিল।’রুনি আশা করছেন, শিরোপা হারানোর বেদনা ভুলে নতুন করে শুরু করবে ম্যানইউ। লক্ষ্য এখন পরবর্তী মৌসুম। রুনি বলেন, ‘নিজেদের ওপর আমাদের আস্থা রয়েছে। ম্যানইউ ঘুরে দাঁড়াবে। আশা করছি, পরবর্তী মৌসুমে কয়েকটা শিরোপার দেখা পাব আমরা।’ম্যানইউর আরেক তারকা ফুটবলার রিও ফার্ডিন্যান্ড বলেছেন, ‘আমাদের এটা নিশ্চিত করতে হবে যে সঠিক পথেই আছি আমরা। দলে অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমাদের শিখতে হবে, আরও শক্তিশালী হতে হবে।’ সূত্র: ওয়েবসাইট।