ম্যানইউ-চেলসির অগ্নিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ধরে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে কমপক্ষে তিনটি ইংলিশ ক্লাবের উপস্থিতি ছিল বাঁধা। কিন্তু এবার মাত্র একটি ক্লাবের জায়গা হয়েছে এ পর্যন্ত—আর্সেনাল। বাদ পড়ে যাওয়ার আশঙ্কা নিয়ে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও ম্যানচেস্টার সিটি।ম্যানচেস্টার ইউনাইটেডকে শেষ ষোলোয় যেতে হলে আগামীকাল শেষ ম্যাচে কমপক্ষে ড্র করতে হবে বাসেলের সঙ্গে। হেরে গেলেই সব শেষ। প্রথম লেগে নিজেদের মাঠে ড্র (৩-৩) করেছে এফসি বাসেলের সঙ্গে। বাসেলের মাঠে ফিরতি ম্যাচে পাচ্ছে না গোলশিকারি হাভিয়ের হার্নান্দেজকে। গত শনিবার অ্যাস্টন ভিলাকে একমাত্র গোলে হারিয়ে তিনটি পয়েন্ট তুললেও চোটের কাছে চার সপ্তাহের জন্য হারিয়েছে মেক্সিকান স্ট্রাইকারকে। মিডফিল্ডার টম ক্লেভারলি, অ্যান্ডারসন ও স্ট্রাইকার মাইকেল ওয়েনকে তো চোট কেড়ে নিয়েছে আগেই। বাসেল এটাকে বড় সুযোগ বলে ভাবতেই পারে। জিতলেই ‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে তারা সঙ্গী হবে বেনফিকার।ম্যানইউ নকআউট পর্বে গেলেও সম্ভবত গ্রুপ রানার্সআপ হয়েই উঠবে। বেনফিকার গ্রুপ জেতাটা প্রায় নিশ্চিত। কারণ আগামীকাল বেনফিকা নিজেদের মাঠে পাচ্ছে দুর্বলতম দল গালাতিকে। গ্রুপ রানার্সআপ হয়ে উঠলে ম্যানইউ পড়বে আরেকটা ভয়ের মধ্যে। দ্বিতীয় রাউন্ডেই দেখা হয়ে যেতে পারে বার্সেলোনা অথবা রিয়াল মাদ্রিদের সঙ্গে।নিজেদের মাঠে আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র অথবা জয় চাই চেলসির। এর অন্যথা হলেই গ্রুপ পর্বেই বিদায়। গত ২০০৩-০৪ মৌসুম থেকে এ পর্যন্ত প্রতিবারই নকআউট পর্বে খেলা চেলসির অগ্নিপরীক্ষাই আজ। নিজেদের মাঠে গত চার ম্যাচের তিনটিতে হারা চেলসি গত শনিবার নিউক্যাসলকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে জ্বালানি ভরেছে ঠিকই। কিন্তু আজ নকআউট পর্বের টিকিট কাটতে না পারলে কোচ ভিলাস-বোয়াসের চাকরিটা যে আবারও ঝুলবে সরু সুতায়, তা তিনি নিজেও বুঝছেন। তাই ৩৪ বয়সী কোচ ম্যাচপূর্ব মুহূর্তটিকে বলছেন, ‘বাঁচা-মরার পরিস্থিতি।’ভ্যালেন্সিয়ার সঙ্গে চেলসির রেকর্ড খারাপ নয়, আবার দুর্দান্ত কিছুও নয়। চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত পাঁচ সাক্ষাতে স্প্যানিশ দলটিকে তাদের মাঠে দুবার হারিয়েছে (২-১ গোলে)। এবারের প্রথম লেগের ম্যাচটিসহ ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। সবচেয়ে বড় কথা, স্টামফোর্ড ব্রিজে চেলসি এখনো হারাতে পারেনি ভ্যালেন্সিয়াকে। যে ভ্যালেন্সিয়া আগের ম্যাচে গেঙ্ককে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।নিজেদের শেষ গ্রুপ ম্যাচে বার্সেলোনা আজ বাতে বরিসভের মুখোমুখি ন্যু ক্যাম্পে। আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করা চ্যাম্পিয়নদের জন্য ম্যাচটি নিতান্তই আনুষ্ঠানিকতার। বার্সা কোচ পেপ গার্দিওলা সব তারকা খেলোয়াড়কে বিশ্রামে রেখে নামাবেন দ্বিতীয় একাদশ। পরের ম্যাচটিই রিয়াল মাদ্রিদের সঙ্গে এল ক্লাসিকো (১০ ডিসেম্বর)। গার্দিওলা ঝুঁকি নেবেন কেন? এএফপি, রয়টার্স।