ম্যানইউ-চেলসির শিরোপা লড়াই
আগামীকাল ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড। চেলসি, না ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতবে, সেটিরও সমাধান এদিন। মৌসুমজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে এসেছে শিরোপা-প্রতিদ্বন্দ্বী দুটি দল। কেমন ছিল সেই লড়াইটা, একটু পেছন ফিরে দেখা যাক...আগস্ট, ২০০৯হাল সিটির বিপক্ষে জিতে শুরুটা ভালো করেছিল চেলসি। এর পর আরও তিনটি ম্যাচ জেতে কার্লো আনচেলত্তির দল। কিন্তু ম্যানইউ হেরে যায় প্রিমিয়ারশিপে নবাগত বার্নলির কাছে (০-১)।সেপ্টেম্বর, ২০০৯চেলসি প্রথম পরাজয় দেখে এই মাসেই। উইগান অ্যাথলেটিকের মাঠে ১-৩ গোলে হেরে ছেদ পড়ে চেলসির দুর্দান্ত গতিতে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-৩ গোলের জয়সহ টানা চার ম্যাচ জিতে মাসের শেষ দিকে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে ম্যানইউ।অক্টোবর, ২০০৯সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র এবং লিভারপুলের কাছে ০-২ গোলে হেরে আবার খেই হারায় ম্যানইউ। চেলসিও এ মাসে হারে অ্যাস্টন ভিলার কাছে, তবে মাস শেষ করেছে শীর্ষস্থানে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে।নভেম্বর, ২০০৯জন টেরির শেষ মুহূর্তের গোলে ম্যানইউকে হারিয়ে স্টামফোর্ড ব্রিজে শিরোপা-সুবাস ভালো করে এ মাসেই নিয়ে আসে চেলসি। ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান আরও সংহত হয় তাদের। দিদিয়ের দ্রগবা আর্সেনালের বিপক্ষেও ৩-০ গোলের জয় এনে দেয় ‘ব্লু’দের।ডিসেম্বর, ২০০৯বছরের শেষ মাসটিতে অ্যাস্টন ভিলা ও ফুলহামের কাছে হেরেছে ম্যানইউ। ম্যান সিটির কাছে ১-২ গোলে হারার পর এভারটন, ওয়েস্টহাম এবং বার্মিংহামের সঙ্গে ড্র করে চেলসি।জানুয়ারি, ২০১০স্টামফোর্ড ব্রিজে সান্ডারল্যান্ডকে ৭-২ গোলে উড়িয়ে দিয়ে নতুন বছর শুরু করে চেলসি। ম্যানইউ আর্সেনালকে ৩-১ গোলে হারিয়ে আবার উঠে আসে লড়াইয়ে। দুই দলের পয়েন্ট ব্যবধান দাঁড়ায় মাত্র ১।ফেব্রুয়ারি, ২০১০অ্যাস্টন ভিলার সঙ্গে ১-১ গোলে ড্র করে এভারটনের কাচে ১-৩ গোলে হারে ম্যানইউ। হাল সিটির সঙ্গে ড্র করে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে এই দুঃখ ভুললেও নিজেদের মাঠে ম্যান সিটির কাছে ২-৪ গোলে হেরে যায় চেলসি।মার্চ, ২০১০অ্যাস্টন ভিলাকে ৭-১ গোলে উড়িয়ে দেয় চেলসি। তবে শেষ হাসিটা হাসে ম্যানইউ। লিভারপুলের বিপক্ষে ২-১ গোলের জয়সহ এ মাসের সব কটি ম্যাচ জেতে ‘রেড ডেভিল’রা। চেলসির চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থেকে মাস শেষ করে তারা।এপ্রিল, ২০১০জো কোল আর দিদিয়ের দ্রগবার গোলে ম্যানইউকে হারায় চেলসি (২-১)। ম্যানইউ কোচ ফার্গুসনও চেলসিকেই ফেবারিট বলে মেনে নেন। বোল্টনের বিপক্ষে ১-০ গোলে জিতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউর সঙ্গে ব্যবধানটাও ৪ করে ফেলে চেলসি। কিন্তু মাসের শেষ দিকে ম্যানইউ ১-০ গোলে ম্যানচেস্টার ডার্বি জেতায় এবং চেলসি টটেনহামের কাছে হেরে যাওয়ায় (১-২) আবার সবকিছু আগের মতো হয়ে যায়। পরে অবশ্য স্টোকের বিপক্ষে ৭-০ গোলে জেতে আনচেলত্তির চেলসি।মে, ২০১০লিভারপুলকে ২-০ গোলে হারায় চেলসি। ম্যানইউও সান্ডারল্যান্ডের বিপক্ষে জিতে শিরোপা লড়াই নিয়ে যায় শেষ ম্যাচে। দুই দলের পয়েন্ট ব্যবধান এখন ১। ৩৭ ম্যাচে চেলসির পয়েন্ট ৮৩, ম্যানইউর ৮২।