ম্যানইউ-লিভারপুলের জয়, আর্সেনালের ড্র

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে কাটানোর পর গতকাল আবার মাঠে নেমেছিলেন রবিন ফন পার্সি। গত সপ্তাহেই চেলসি থেকে ওল্ড ট্র্যাফোর্ডে আসা হুয়ান মাতাও নেমেছিলেন মাঠে। তারকা এই দুই ফুটবলারের উপস্থিতিই যেন আবার কিছুটা আশা জাগিয়েছে ম্যানচেস্টার শিবিরে। নিজেদের শেষ ছয় ম্যাচের চারটিতেই হারের পর গতকাল কার্ডিফ সিটির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের অপর ম্যাচে এভারটনের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় দিয়ে শিরোপার দাবি আরও জোরদার করেছে লিভারপুল। বড় দলগুলোর জয়ের রাতে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আর্সেনালকে। সাউদাম্পটনের বিপক্ষে ২-২ গোলের ড্র করায় এখন শীর্ষস্থানটা হারাতে হতে পারে গানারদের।
প্রিমিয়ার লিগের ২৩ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে আর্সেনাল। কিন্তু আজ ম্যানচেস্টার সিটি আর চেলসি যদি জয় পায়, তাহলে ৩-এ নেমে যেতে হবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। ২২ ম্যাচ খেলে সিটি আর চেলসির সংগ্রহ ৫০ ও ৪৯ পয়েন্ট। ২৩ ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল। গতকাল জয় পেলেও শিরোপা জয়ের লড়াইয়ে এখনো বেশ খানিকটা পিছিয়েই আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৩ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছেন ডেভিড ময়েসের শিষ্যরা।
আর্সেনাল-সাউদাম্পটন: প্রতিপক্ষের মাঠে গতকাল শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্সেনাল। ২১ মিনিটে তাদের জালে বল জাড়িয়ে দিয়েছিলেন সাউদাম্পটনের ডিফেন্ডার জোসে ফনটে। দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৮ মিনিটে গোলটা শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন অলিভিয়ের জিরু। চার মিনিট পরে আরেকটি গোল করে গানারদের ২-১ ব্যবধানে এগিয়েও দিয়েছিলেন সান্তি কারজোলা। কিন্তু খুব দ্রুতই ম্যাচে আবারও সমতা ফেরান সাউদাম্পটনের অ্যাডাম লাল্লানা। ৫৪ মিনিটে দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতা নিয়েই শেষ হয়েছে আর্সেনাল-সাউদাম্পটনের ম্যাচটি।
লিভারপুল-এভারটন: নিজেদের মাঠে এভারটনের বিপক্ষে সহজেই জয় পেয়েছে লিভারপুল। বলের দখল বেশির ভাগ সময় এভারটনের কাছে থাকলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে চারবার বল পাঠিয়েছে অল রেডরা। ২১ মিনিটে স্টিভেন জেরার্ডের প্রথম গোলটির পর প্রথমার্ধেই আরও দুটি গোল করেছিলেন ড্যানিয়েল স্টুরিজ। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন লুইস সুয়ারেজ।
ম্যানচেস্টার ইউনাইটেড-কার্ডিফ সিটি: নিচের সারির দল কার্ডিফ সিটির বিপক্ষে জয় পেতে খুব একটা ঘাম ঝরাতে হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইনজুরি কাটিয়ে দলে ফিরে শুরুতেই গোল করেছিলেন ফন পার্সি। ছয় মিনিটের মাথায় কার্ডিফের জালে বল জড়িয়েছিলেন এই ডাচ স্ট্রাইকার। আর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আরেকটি গোল করে দলের জয় নিশ্চিত করেছেন অ্যাশলে ইয়ং।— রয়টার্স