কোপা ডেল রের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়সূচক গোলটির পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স
জয়সূচক গোলটির পর রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের উল্লাস। ছবি: রয়টার্স

প্রথম লেগটা ১-০ গোলে জিতে সেমিফাইনালের পথে একধাপ এগিয়েই গিয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল দ্বিতীয় লেগের খেলায় এসপানিওলকে সেই ১-০ গোলের ব্যবধানেই হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছেন কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন রিয়ালের তরুণ স্ট্রাইকার জেসে।

সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল তারা। দ্বিতীয় লেগের খেলায় কোনো অঘটন না ঘটলে হয়তো সেমিফাইনালেই দেখা হয়ে যাবে রিয়াল আর অ্যাটলেটিকোর। গত মৌসুমের কোপা ডেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ২-১ গোলে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়েছিল রিয়ালকে। এবার হয়তো সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্যই মুখিয়ে থাকবে লস ব্লাঙ্কোসরা।

নিজেদের মাঠে গতকাল শুরুতেই এসপানিওলের জালে বল জড়িয়েছিল রিয়াল। মাত্র ছয় মিনিটেই গোল করেছিলেন জেসে। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি স্প্যানিশ জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদো বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছিলেন প্রতিপক্ষের গোলমুখে। কিন্তু প্রতিবারই সে সব প্রচেষ্টা নস্যাত্ করে দিয়েছেন এসপানিওলের গোলরক্ষক কিকো কাসিলা।


অন্যদিকে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে প্রায় অলস সময়ই কাটাতে হয়েছে ইকার ক্যাসিয়াসকে। ভালো কোনো গোলের সুযোগই তৈরি করতে পারেনি এসপানিওল। নতুন রেকর্ড গড়ে টানা আটটি ম্যাচ কোনো গোল হজম না করেই পার করল রিয়াল। রেকর্ড হয়েছে ক্যাসিয়াসেরও। গোল হজম না করে স্পেনের অধিনায়ক কাটিয়েছেন ৬৮২ মিনিট। আশি ও নব্বইয়ের দশকে এই রেকর্ডটি ছিল পাকো বুয়োর দখলে।— রয়টার্স