১৯ সেপ্টেম্বর লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলের জয় এনে দিতে হ্যাটট্রিক করেছিলেন বারবেতভ। ২৯ বছর বয়সী এই বুলগেরিয়ান স্ট্রাইকার কাল শুধু মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিকই করলেন না, প্রতিপক্ষের জালে একাই বল পাঠালেন পাঁচবার! ঘরের মাঠে ব্লাকবার্ন রোভার্সকে নিয়ে ম্যানইউও তাই খেলল ছেলেখেলা। ৭-১ গোলের জয়, ছেলেখেলা নয় তো কি?এই জয়ে ম্যানইউ উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। পাঁচ গোল করে বারবেতভও উঠে গেছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার এক নম্বরে। লিগে ১৩ ম্যাচে ১১ গোল তাঁর। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট ম্যানইউর। খেলার ২ মিনিটেই ম্যানইউকে এগিয়ে দেন বারবেতভ। ২৭ মিনিটে দ্বিতীয়, দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬২ ও ৭০ মিনিটে আরও দুটি গোল করা বারবেতভের সামনে সুযোগ এসেছিল ডাবল হ্যাটট্রিকেরও। ম্যানইউর বাকি গোল দুটি পার্ক জি সুং (২৩ মিনিটে) ও নানির (৪৮ মিনিটে)। ৮৩ মিনিটে ব্লাকবার্নের সান্ত্বনার গোলটি করেছেন ক্রিস্টোফার সাম্বা।ম্যানইউর মতো বড় না হলেও কাল জয়োৎসব করেছে আর্সেনালও। অ্যাস্টন ভিলার বিপক্ষে আর্সেন ওয়েঙ্গারের দল জিতেছে ৪-২ গোলে। আন্দ্রেই আরশাভিন, সামির নাসরি, চামাক ও উইলশেয়ারের গোলে পাওয়া এই জয় তাদের তুলে দিয়েছে চেলসির ওপরে। ১৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ২৯। এক ম্যাচ কম খেলা চেলসির ২৮। আবারও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। স্টোক সিটির মাঠে গিয়ে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে তারা। চেলসি আজ খেলতে যাচ্ছে নিউক্যাসলের মাঠে। ম্যানইউকে টপকে আবার শীর্ষে উঠতে হলে আজ আনচেলত্তির দলকে জিততেই হবে। হেরে গেলেই বিপদ। একটু কি চাপে পড়ে গেল চেলসি? একটু কি ভয়ও কাজ করছে? চেলসির ফরাসি উইঙ্গার ফ্লোরেন্ত মালুদা ও কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ভয়-টয় সব কেটে গেছে তাঁদের। প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নিউক্যাসলের মাঠে যাচ্ছেন তাঁরা চাঙা হয়েই।দুর্দান্ত শুরু করা চেলসির এই দুরবস্থার জন্য অনেকেই আঙুল তুলছে মাঠের বাইরের এলোমেলো অবস্থার দিকে। কিন্তু চেলসির ইতালিয়ান কোচ বলেছেন, এসব কিছু নয়, চেলসির এমন পরিস্থিতি অন্য কারণে। ‘মৌসুমের প্রথমে আপনি কোনো দলকে ৬-০ গোলে হারাতেই পারেন। আর এখন আমাদের বিপক্ষে খেলার জন্য অনেক দলই আত্মবিশ্বাসের উন্নতি ঘটিয়েছে’—বলেছেন আনচেলত্তি।এদিকে ইতালিয়ান সিরি ‘আ’তে সাম্পদরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এসি মিলান। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ফ্রাঙ্কফুর্টকে ৪-১ গোলে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। এএফপি।