ম্যানইউকে আটকে দিয়েছে সান্ডারল্যান্ড
গত শনিবার লিভারপুলকে আটকে দিয়েছিল ক্লাবটি। ঠিক এক সপ্তাহ পর সান্ডারল্যান্ড আটকে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে (ম্যানইউ)। আজ শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে সান্ডারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থাকা অ্যালেক্স ফার্গুসনের দল।শক্তির বিচারে দুর্বল হলেও এ ম্যাচে সবলের মতোই খেলেছে সান্ডারল্যান্ড। বল নিয়ন্ত্রণে দুই দলের অবস্থান ছিল সমান। কিন্তু গোলমুখে সান্ডারল্যান্ড শট করেছে আটটি, ম্যানইউ চারটি। সান্ডারল্যান্ড কর্নার পেয়েছে ১০টি, আর ম্যানইউ চারটি। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলেছে তারকা সমৃদ্ধ ম্যানইউ, কিন্তু কাজের কাজ হয়নি। গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ম্যানইউর ফুটবলারদের।এই ড্রয়ের ফলে সাত ম্যাচে ম্যানইউর পয়েন্ট ১৩। আর শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ছয় ম্যাচে ১৫। চেলসির সমান ছয়টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ১১। —বিবিসি