ম্যানইউকে আমরাও হারাতে পারতাম: ক্যাসিয়াস
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে রুপালি ট্রফিটা হাতে নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি রিয়াল মাদ্রিদের। তবে বার্সা বাধা কোনোমতে এড়াতে পারলে শিরোপাটা যে তাদের ঘরেই যেত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। শুধু স্প্যানিশ লিগেই নয়, বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদই ইউরোপের সেরা দুটি ক্লাব বলে মনে করেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।স্পেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে ক্যাসিয়াস বলেছেন, ‘যদি বার্সেলোনার জায়গায় রিয়াল মাদ্রিদও ফাইনালে যেত, তাহলে শিরোপাটা স্পেনেই আসত। ওয়েম্বলির ম্যানইউ-বার্সা ফাইনালটা দেখে আমার মনে হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরাও সহজে হারাতে পারতাম। আমরা আগে থেকেই জানতাম, রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার মধ্যে সেমিফাইনালটা যে জিতবে, শিরোপাটা তাদের ঘরেই যাবে। আমরাই ইউরোপের সবচেয়ে শক্তিশালী দুটি দল।’চ্যাম্পিয়নস লিগের মতো স্প্যানিশ লিগেও বার্সেলোনার কাছে হার স্বীকার করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে কিংস কাপের শিরোপাটাই এবারের মৌসুমে রিয়ালের একমাত্র সান্ত্বনা।— ইএসপিএন।