ম্যানইউকে গোলবন্যায় ভাসাল সিটি
বরাবরই ম্যানচেস্টার ইউনাইটেডের আধিপত্যে তেমনভাবে আলোচনায় আসতে পারেনি তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। কিন্তু গত মৌসুমে এফএ কাপে ফার্গুসনের ম্যানইউকে হারিয়ে শিরোপা জিতে সেই আধিপত্য কিছুটা খর্ব করেছিল মানচিনির সিটি। আর এবারের মৌসুমের প্রথম মুখোমুখি লড়াইয়ে ম্যানইউকে একেবারে দাঁড়াতেই দিল না তাদের নগর প্রতিদ্বন্দ্বীরা। মারিও বাল্লোতেলি, সার্জিও অ্যাগুয়েরো, এডিন ডেকোদের দুর্দান্ত পারফরমেন্সে ম্যানইউকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারের লজ্জা দিল সিটি। এই জয় দিয়ে ২৫ পয়েন্ট নিয়ে বেশ দাপটের সঙ্গেই প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা নিজেদের দখলে রাখল তারা। ৫ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানইউ।উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ২২ মিনিটে ম্যানইউয়ের জালে প্রথমবারের মতো বল জড়ান মারিও বাল্লোতেলি। এরপর প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ম্যানসিটি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বাল্লোতেলিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন ম্যানইউ ডিফেন্ডার জনাথন ইভান্স। ১০ জনের দলে পরিণত হয় রেড ডেভিলরা। ৬০ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন বাল্লোতেলি। নয় মিনিট পর রিচার্ডসের পাস থেকে চমৎকারভাবে গোল করে ম্যানসিটির জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সার্জিও অ্যাগুয়েরো। ৮১ মিনিটে একটি গোল শোধ করেন ম্যানইউয়ের মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। তবে এই গোলের পর যেন আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন ম্যানসিটির স্ট্রাইকাররা। ৮৯ মিনিটে ব্যবধান ৪-১ করে দেন স্ট্রাইকার ডেকো। দুই মিনিট পর আবারও গোল করে বসেন সিলভা। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে আরও একবার ম্যানইউয়ের জালে বল জড়ান ডেকো। ৬-১ গোলের বিশাল ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। সকারনেট।