ম্যানইউকে পাত্তা দেন না ল্যাম্পার্ড!
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতার পর এবার নতুন মৌসুমের শুরুতেও বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলরক্ষক ডেভিড ডি জেয়া, ডিফেন্ডার ফিল জোনস, স্ট্রাইকার অ্যাশলে ইয়ং নতুন মৌসুমে ম্যানইউকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে অনেকেই। তবে এগুলো নিয়ে খুব বেশি চিন্তিত নন চেলসির তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। পরবর্তী মৌসুমে নিজেদের খেলাটা ভালো মতো খেলে যেতে পারলেই সাফল্যের দেখা পাওয়া যাবে বলে মনে করছেন এই ইংলিশ মিডফিল্ডার।সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ল্যাম্পার্ড বলেছেন, ‘দল বদলের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড খুব সক্রিয় ছিল। তারা অনেক টাকা খরচ করছে। ভালো কিছু ফুটবলারকে দলে ভিড়িয়েছে। কিন্তু আমাদেরও নিজেদের ওপর বিশ্বাস আছে। আমরা জানি, আমাদের বর্তমান দলটাও অনেক শক্তিশালী। আশা করছি পরবর্তী মৌসুমে আমরা অনেক ভালো খেলতে পারব।’চেলসির নতুন কোচ আন্দ্রেস ভিলা-বোয়াসও তাড়াহুড়ো করে অনেক টাকা খরচ করতে রাজি না। দলের বর্তমান অবস্থাটা ভালোমতো দেখে নিয়ে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড়দের দলে ভেড়াতে চান এই পর্তুগিজ কোচ। তিনি বলেছেন, ‘আমরা খেলোয়াড় কেনার জন্য কোনো তাড়াহুড়া করতে চাই না। এখানকার সবাই খুব ভালো খেলে। আমি আরও ১৫ দিন তাদের সঙ্গে কাজ করতে চাই। তাহলে আমাদের আসলে কোনো ঘাটতি আছে কি না, সেটা খুব ভালোমতো বোঝা যাবে। এরপরই আমরা নতুন কাউকে দলে ভেড়াব কি না, সেটা নিয়ে চিন্তা করব।’ ওয়েবসাইট।