ম্যানইউকে রুখতে পারল না স্পাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসি আজ স্টোক সিটিকে হারালেই আবার শীর্ষে চলে যাবে। ম্যানচেস্টার ইউনাইটেডের আবার শীর্ষে ওঠাটা তাহলে হবে শুধু ২৪ ঘণ্টার জন্যই। তা হোক, তবে কাল টটেনহাম হটস্পারকে হারানোটা তাদের ছিল জরুরি, জিতল তারা ৩-১ গোলে। এই জয়টা না পেলে যে শিরোপা লড়াই থেকে বেশ দূরে সরে যেত ম্যানইউ। এ ম্যাচের আগে চেলসির চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে ছিল তারা। কালকের জয়ের পর ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট অ্যালেক্স ফার্গুসনের দলের। ৩৫ ম্যাচে ৭৭ পয়েন্ট চেলসির।অভিজ্ঞতা আর তারুণ্য—কাল ম্যানইউর জয়টা এসেছে এই দুইয়ের সমন্বয়েই। ম্যানইউর ৩ গোলের দুটি করেছেন অভিজ্ঞ রায়ান গিগস, দুটিই পেনাল্টি থেকে। বাকি গোলটি তরুণ পর্তুগিজ উইঙ্গার নানির। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন গিগস। কিংয়ের ৭০ মিনিটের গোলে সমতায় ফেরে আগের দুই ম্যাচে পরপর আর্সেনাল ও লিভারপুলকে হারিয়ে দেওয়া টটেনহাম। কিন্তু এবার আর তারা পারল না। ৫ মিনিটের দুই গোলে আরেক পরাশক্তি-বধের আশা শেষ স্পারদের। অসাধারণ এক ফিনিশিংয়ে ৮১ মিনিটে ম্যানইউকে এগিয়ে দেওয়া গোলটি করেন নানি। ৮৬ মিনিটে পেনাল্টি গোলেই জয় নিশ্চিত করেন গিগস। এএফপি।স্প্যানিশ লিগে জেফরেন, অঁরি আর ইব্রাহিমোভিচের গোলে জেরেজকে ৩-১ ব্যবধানে হারিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। সিরি ‘আ’তে আটালান্টাকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে আছে ইন্টার মিলান। তবে আর্সেনাল ম্যান সিটির সঙ্গে করেছে গোলশূন্য ড্র।