ম্যানইউকে রুখে দিল সোয়ানসে সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে তিনবার হারের মুখ দেখলেও আজকের আগে একটি ম্যাচেও ড্র করেনি ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু আজ খুবই দুর্ভাগ্যজনকভাবে সোয়ানসে সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে বেশ কয়েকবার জয়সূচক গোলটির খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে ভন পার্সি, ক্যারিক, ওয়েন রুনিদের।প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের ১৬ মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিন ভন পার্সির নেওয়া কর্নার শটে মাথা ঠেকিয়ে ম্যানইউকে এগিয়ে দিয়েছিলেন প্যাট্রিক ইভরা। ২৯ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান সোয়ানসে সিটির স্ট্রাইকার মিচু। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল ম্যানইউয়ের আক্রমণভাগ। কিন্তু দুর্ভাগ্যবশত রবিন ভন পার্সি ও মাইকেল ক্যারিকের দুটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে।ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে সোয়ানসে সিটির খুব বেশি লাভ না হলেও নিঃসন্দেহেই মহাখুশি হয়েছে ম্যানচেস্টার সিটি। নিচের সারির ক্লাব সোয়ানসে সিটির কল্যাণেই নগর প্রতিদ্বন্দ্বীদের থেকে ২ পয়েন্টের ব্যবধান কমিয়ে ফেলতে পেরেছে রবার্তো মানচিনির শিষ্যরা। লিগের ১৮ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। আজ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেলেই ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চলে আসতে পারবে চেলসি।— রয়টার্স