প্রথম লেগে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে আজ সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে (ম্যানইউ) ১-০ গোলে হারিয়ে এফএ কাপের সেমিফাইনালে উঠে গেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজের এই ম্যাচে একমাত্র গোলটি করেন চেলসি স্ট্রাইকার ডেম্বা বা। ফাইনালে ওঠার লড়াইয়ে চেলসি খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। গত ছয় মৌসুমে চারবার এফএ কাপ শিরোপা ঘরে তুলেছে চেলসি।এফএ কাপে রেকর্ড ১১ বার চ্যাম্পিয়ন ম্যানইউ ১২তম শিরোপার জন্য অপেক্ষায় ছিল দীর্ঘ নয় বছর। আজ সেই অপেক্ষাটা আরও একটা বছর বাড়িয়ে দিল চেলসি। ম্যানইউ সর্বশেষ এফএ কাপের ফাইনালে উঠেছিল ২০০৭ সালে। শিরোপা-নির্ধারণী লড়াইয়ে সেবার তারা হেরেছিল এই চেলসির কাছেই।ম্যাচের প্রথম দিকে দুই দলই ছিল অগোছালো। আক্রমণ-পাল্টা আক্রমণ ছিল, তবে তা ততটা জোরালো ছিল না। গোলবার লক্ষ্য করে প্রথম শটটি হয় খেলার ৩১ মিনিটে। সতীর্থ ডেম্বা বার দিকে দারুণভাবে বল ঠেলে দিয়েছিলেন চেলসির ইডেন হ্যাজার্ড। বা শটও নিয়েছিলেন। তবে সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেন ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া।৩৯ মিনিটে ম্যানইউর গোলমুখে আরও একটি ভালো আক্রমণ চালান হ্যাজার্ড। তবে তাঁর শট গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। এর দুই মিনিট পর চেলসির অ্যাটাকিং মিডফিল্ডার হুয়ান মাতার ফ্রি কিক ধরে ফেলেন ডি গিয়া। তাঁর কাছ থেকে বল নিয়ে চেলসির গোলবার লক্ষ্য করে দারুণ এক শট নেন চিচারিতো। তবে তা কোনোমতে হাত ছুঁয়ে ঠেকান গোলরক্ষক পিওতর চেক।খেলার একমাত্র গোলটি আসে ৪৯ মিনিটে। হুয়ান মাতার এক লম্বা পাস দারুণ ক্যারিশমায় উড়ন্ত অবস্থায় পা ছুঁয়ে গোলে পরিণত করেন ডেম্বা বা। খেলার ৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ম্যানইউ। তবে চিচারিতোর অসাধারণ এক হেড অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন পিওতর চেক। সুযোগ এসেছিল ৮৮ মিনিটেও। তবে পেট্রিক এভরার ক্রসটি গোলে পরিণত করতে ব্যর্থ হন রবিন ফন পার্সি। সূত্র: রয়টার্স।