ম্যানইউতে অনিশ্চিত রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর আগে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর দলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ওয়েইন রুনি। কিন্তু এবারের মৌসুমের বেশির ভাগ সময়ই আলোচনার বাইরে ছিলেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। ডাচ স্ট্রাইকার রবিন ভন পার্সি ম্যানইউতে আসার পর রুনিকে প্রথম একাদশেও নিয়মিত দেখা যাচ্ছে না। গত পাঁচ ম্যাচের চারটিতেই রুনি মাঠে নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। এই পরিস্থিতিতে রুনির ভবিষ্যত্ নিয়ে জোর আলোচনা উঠেছে ইংল্যান্ডের ফুটবল অঙ্গনে। ইউরোপিয়ান ফুটবলের পরবর্তী মৌসুমে ওয়েইন রুনি ম্যানচেস্টার ইউনাইটেডে থাকবেন কি না, এমন সংশয়ও আছে অনেকের মধ্যে। চুক্তি অনুযায়ী আরও দুই বছর ওল্ড ট্র্যাফোর্ডে থাকার কথা ২৭ বছর বয়সী রুনির। নতুন কোনো চুক্তি না হলে আগামী দুই বছরও হয়তো এভাবেই কাটাতে হতে পারে ইংলিশ এই স্ট্রাইকারকে। সে ক্ষেত্রে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করার কাজটা আরও কঠিনই হয়ে উঠতে পারে রুনির জন্য। এ ছাড়া, নতুন মৌসুমে রুনির সামনে একটা বড় চ্যালেঞ্জ নিজের ফিটনেস ধরে রাখা। এবারের মৌসুমে রুনির ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে অন্তত পাঁচ-ছয়বার। কোচ ফার্গুসন এ প্রসঙ্গে বলেছেন, ‘ওর শরীরই এমন যে সারাক্ষণ ওকে খেলে যেতে হবে।’ কিন্তু মাঠে নামার সুযোগ পাওয়ার জন্যই লড়াই করতে হচ্ছে রুনিকে। কোচ যদি তাঁকে না-ই খেলান, তাহলে তিনি খেলে যাবেনই-বা কীভাবে?ফুটবল-বিশ্বের প্রথাগত ধারণা অনুযায়ী, ২৭ বছরের পর থেকেই একজন খেলোয়াড়ের পারফরম্যান্স উচ্চতা থেকে পড়তে শুরু করে। তাহলে কি এখন রুনি সেই শেষ প্রান্তেই দাঁড়িয়ে আছেন? কোচ ফার্গুসনও কি এখন রুনিকে ছেড়ে অপেক্ষাকৃত তরুণদের দিকে ঝুঁকে পড়বেন? এখনো এসব প্রশ্নের কোনো সুনিশ্চিত জবাব পাওয়া না গেলেও আগামী মৌসুমে রুনির নতুন চুক্তিই হয়ে উঠতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম প্রধান আকর্ষণ। ওয়েবসাইট।