ম্যানইউতে গিগসের ২২ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স বাতিলের কথা বলতে পারে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের চিরতরুণ রায়ান গিগসের কাছে বয়স স্রেফ একটা সংখ্যা। মনের জোর আর নৈপুণ্যে এই সংখ্যাটাকে জিতেই চলেছেন। বয়স ৩৮ বছর। তাঁর এই বয়সে পেপ গার্দিওলা বার্সেলোনায় সক্রিয় কোচিং-জীবন শুরু করে দিয়েছেন, আর গিগস কি না কাল ম্যানইউর সঙ্গে চুক্তি নবায়ন করলেন এক বছরের জন্য।মানে এ মৌসুম তো খেলছেনই, ম্যানইউর জার্সি পরে গিগস খেলবেন আগামী মৌসুমেও। গতকাল ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছে, নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন গিগস।পেশাদার ফুটবলে অভিষেক সেই ১৯৯১ সালের মার্চে। সেই থেকেই ম্যানইউর সুখ-দুঃখের সাথি গিগস ওল্ড ট্রাফোর্ডেই কাটিয়ে দিলেন ২১টি বছর। ক্লাবের হয়ে রেকর্ড ৮৯৮টি ম্যাচ খেললেও যেন ক্লান্তি ছুঁতে পারেনি। নতুন চুক্তিতে স্বাক্ষর করে অভিভূত মিডফিল্ডার নিজেই বলেছেন, ‘প্রথম চুক্তিপত্রে সই করার সময় চিন্তাও করিনি ইউনাইটেডের হয়ে ২২ বছর খেলতে পারব। কিন্তু আমার ভালো লাগছে। আমি জানি, দলকে শিরোপার পথে রাখতে আমি অবদান রাখতে পারব।’দীর্ঘ এই ক্যারিয়ারে ম্যানইউর হয়ে গিগস জিতেছেন ১২টি লিগ শিরোপা, চারটি এফএ কাপ, তিনটি লিগ কাপ, দুবার চ্যাম্পিয়নস লিগ। গত মৌসুমে হয়েছিলেন ম্যানইউর রেকর্ড ১৯তম লিগ শিরোপার সঙ্গী। পেছনে ফিরে তাকিয়ে ওয়েলস তারকা বলছেন, ‘ক্লাবের ১৯তম শিরোপা জয়ের অনুভূতিটা ছিল অসাধারণ। কিন্তু এ ক্লাবটি সব সময় সামনের করণীয় নিয়েই ভাবে। এর অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত।’ ১৯৯২ সালে প্রথম বিভাগ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ নাম নেওয়ার পর গিগসই একমাত্র খেলোয়াড় যিনি প্রতি মৌসুমেই গোল করেছেন। ওল্ড ট্রাফোর্ডে তাঁর পুরো ক্যারিয়ারই কাটল স্যার অ্যালেক্স ফার্গুসনের তত্ত্বাবধানে। নিজ হাতে গড়া শিষ্য সম্পর্কে ফার্গির মূল্যায়ন, ‘রায়ান বিস্ময়কর খেলোয়াড়। প্রতিটি অনুশীলন সেশন এবং ম্যাচেই সে উত্তরসূরিদের জন্য দৃষ্টান্ত।’ ওয়েবসাইট।