ম্যানইউর অগ্নিপরীক্ষার রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখ প্রস্তুত তো? হয়তো অবাক হচ্ছেন। ভাবছেন, অগ্নিপরীক্ষা তো আজ ম্যানচেস্টার ইউনাইটেডের। পেছন থেকে উঠে এসে বায়ার্নকে হারিয়ে ম্যানইউ সেমিফাইনালে যেতে পারবে কি না, এটা নিয়েই তো কৌতূহল। প্রশ্নটা ম্যানচেস্টার ইউনাইটেডকে উদ্দেশ করেই করার কথা। আর সেটা করা হচ্ছে বায়ার্নকে! এ কেমন উল্টোরথে চড়া? বায়ার্নকে উদ্দেশ করে প্রশ্নটা আসলে পরোক্ষে করেছেন ম্যানইউ তারকা রায়ান গিগস। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নের মাঠ থেকে ১-২ গোলে হেরে এসেছে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে আজ তাই বায়ার্নের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা তাদের। আগাম হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন গিগস, ‘আমার বিশ্বাস, নিজেদের মাঠে আমরা অনেক ভালো খেলব। এর আগে অনেকবার এই কাজটা আমরা করেছি এবং আবার এটা করতে যাচ্ছি আমরা।’সপ্তাহ দেড়েক আগের কথা। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল ম্যানইউর। কিন্তু হঠাৎ করে কী যে হলো, হয়ে গেল ছন্দপতন। ম্যানইউর রাজসিক গতিতে ছেদ টেনেছে আসলে এই বায়ার্নই। গত মঙ্গলবার বায়ার্নের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২ মিনিট পর্যন্ত ঠিক ছিল সব। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ওয়েইন রুনির গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউই। কিন্তু এর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। শেষে ম্যানইউকে পরাজয়ই উপহার দেয় তারা। সেই পরাজয়ের ধাক্কা সামলে ওঠার আগেই গত শনিবার নিজেদের মাঠে চেলসির কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা জয়ের স্বপ্নটাও কেমন ফিকে হয়ে এসেছে। এখন চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ম্যানইউকে তো জেগে উঠতেই হবে।জেগে ওঠার জন্য তাদের সবচেয়ে বেশি প্রয়োজন যাঁকে, সেই রুনি ভুগছেন চোটে। গত শনিবার চেলসির বিপক্ষে খেলতে পারেননি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সপ্তাহ তিনেকের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইংলিশ স্ট্রাইকারকে। রুনি ছাড়া ম্যানইউ কতটা অসহায়, সেই ছবি পরিষ্কার করে দিয়ে চেলসি কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘রুনিবিহীন ম্যানইউ সেই একই দল না।’ ম্যানইউ মরিয়া, তবে রুনিকে এখনই মাঠে নামানোর ঝুঁকি নিতে রাজি নন অ্যালেক্স ফার্গুসন। আজ তিনি খেলবেন না বলেই জানিয়েছেন কোচ। এ খবরে সবচেয়ে স্বস্তিতে নিশ্চয়ই বায়ার্ন শিবির। তবে রুনি খেললেও ‘কুছ পরোয়া নেহি’ ভঙ্গিতেই বায়ার্ন কোচ লুই ফন গাল জানালেন, ২০০১ সালের পর আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার সব প্রস্তুতিই পাঁচবারের চ্যাম্পিয়নদের আছে। নিষেধাজ্ঞা কাটিয়ে বাস্তেন শোয়ানস্টেইগার ফিরছেন, চোট কাটিয়ে ফিরছেন আরিয়েন রোবেন; বায়ার্ন মিউনিখ কতটা প্রস্তুত গিগস মনে হয় বুঝতে পারছেন। ম্যানইউ-বায়ার্ন বড় ম্যাচের আড়ালেই পড়ে গেছে আজকের আরেকটি লড়াই। মুখোমুখি দুই ফরাসি ক্লাব বোর্দো-লিওঁ। ছোট ম্যাচ। তবে ম্যানইউ-বায়ার্নের মতো একটি ঘটনা আছে এই ম্যাচটিকে ঘিরেও। ম্যানইউর মতো দুর্দান্ত গতিতে এগিয়ে চলছিল বোর্দো। কিন্তু হঠাৎ করে ছন্দপতন তাদেরও। সেটার শুরুও গত লেগে, ১-৩ গোলের পরাজয়ের পর থেকেই। ওই ম্যাচের পর বোর্দো লিগ কাপের ফাইনালে মার্শেইয়ের কাছে হেরেছে। লিগে হেরে পিছিয়ে পড়েছে শিরোপা লড়াইয়ে। তবে এই পরাজয় ভুলে ঘুরে দাঁড়াতে চায় বোর্দো। গোলরক্ষক সেডেরিক কারাসো সতীর্থদের পরামর্শ দিয়েছেন নিজেদের সামর্থ্য সম্পর্কে সচেতন হতে, ‘আয়নায় নিজেদের চেহারাটা দেখো সবাই।’ এএফপি।