ম্যানইউর অন্য ক্ষতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফিটা ম্যানচেস্টারেই থাকছে। কিন্তু সেটি ইউনাইটেডের ট্রফি কেসে শোভা পাবে, নাকি প্রতিবেশী সিটির—সেটি নিশ্চিত হবে আগামী রোববার। শেষ পর্যন্ত নাটকীয় কোনো কিছু না ঘটলে রবার্তো মানচিনির দলেরই শিরোপা জেতার কথা। আর তা হলে ২০০৫ সালের পর এই প্রথম কোনো মৌসুম একেবারেই খালি হাতে শেষ করবে ম্যানইউ। এই প্রথম এমন একটা মৌসুমের শেষপ্রান্তে দাঁড়িয়ে আলেক্স ফার্গুসনের দল, যেখানে তাদের হাতে হয়তো উঠবে না কোনো ট্রফিই।শুধু সম্মানের দিক দিয়ে নয়, ম্যানইউর ব্যাংক হিসাবেও নেতিবাচক প্রভাব ফেলতে যাচ্ছে এই মৌসুম। সম্ভাব্য আয় থেকে কমপক্ষে দুই কোটি পাউন্ড (২৬৪ কোটি ২৩ লাখ টাকা) ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তারা। গত মৌসুমে প্রাইজমানি বাবদ যা আয় হয়েছিল, এবার তার তুলনায় অপেক্ষা করছে বিশাল ঘাটতি। টিকিট বিক্রি ও টিভি স্বত্ব থেকে পাওয়া অর্থেও ভাটা পড়েছে।গতবার উয়েফার কাছ থেকেই সাড়ে চার কোটি পাউন্ড প্রাইজমানি পেয়েছিল ম্যানইউ, চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ হওয়ার বদৌলতে। এবার গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় টিভি স্বত্ব ও টিকিট বিক্রি থেকে এক কোটি ৭০ লাখ পাউন্ড বঞ্চিত হয়েছে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপ হলেও বড় অঙ্কের আর্থিক ক্ষতি হবে। প্রাইজমানি হিসেবে সিটির তুলনায় সাড়ে সাত লাখ পাউন্ড কম পাবে ম্যানইউ। কিন্তু বড় ক্ষতিটা হবে অন্যখানে। সিটি লিগ জিতে চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করলে ম্যানইউর আয় কমবে প্রায় ৫০ লাখ পাউন্ড।সেটি কীভাবে? উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়া ইংল্যান্ডের চার দলের মধ্যে ইংলিশ টেলিভিশন বাজারের আয় ভাগাভাগি করে এভাবে: ৪০ শতাংশ দেওয়া হয় চ্যাম্পিয়ন দলকে, ৩০ শতাংশ পায় রানার্সআপ। তৃতীয় ও চতুর্থ দল পায় যথাক্রমে ২০ ও ১০ শতাংশ। এবার এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেওয়ায় কার্যত এই টুর্নামেন্ট থেকেও কিছু পায়নি ম্যানইউ। গত বছর টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল ম্যানইউ। সেবার নিজেদের মাঠে তিনটি ভরা গ্যালারির ম্যাচ পেয়েছিল তারা। টাকা এসেছিল টিভি থেকেও।লিগ চ্যাম্পিয়ন হতে না পারার একটা ‘ভালো’ দিক অবশ্য আছে। এই মৌসুমে ব্ল্যাকবার্ন রোভার্স থেকে ফিল জোন্সকে কিনে এনেছিল তারা। চুক্তির শর্ত ছিল, ম্যানইউ চ্যাম্পিয়ন হলে রোভার্সকে দিতে হবে ২০ লাখ পাউন্ড। সেই টাকা সম্ভবত দিতে হচ্ছে না! জোন্সের পাশাপাশি গত মৌসুমের দলবদলের বাজারে অ্যাশলি ইয়াং আর ডেভিড ডি গিয়াকে কিনেছিল ম্যানইউ। দলের শক্তি বাড়াতে এবার কমপক্ষে তিনজন ভালো খেলোয়াড় কিনতে চান ফার্গুসন। কিন্তু এই সম্ভাব্য আর্থিক ক্ষতি, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জে ৬০ কোটি পাউন্ডের শেয়ার ছাড়ার পরিকল্পনা ব্যর্থ হওয়া, ৪৩ কোটি ৯০ লাখ পাউন্ড দেনার বিপরীতে প্রতিবছর চার কোটি পাউন্ড সুদ প্রদান—আগামী মৌসুমে আর্থিকভাবেও চাপে থাকবে ম্যানইউ। ফোর্বস-এর হিসাবে টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হলেও টাকা খরচের ব্যাপারে গ্লেজার পরিবার এর পর থেকে কার্পণ্য দেখালেও তাতে অবাক হওয়ার কিছু নেই। আগামী দলবদলের বাজারেও আরব শেখের সিটির সঙ্গে লড়াইটায় ম্যানইউ হয়তো হেরেই যাচ্ছে! ওয়েবসাইট।