ম্যানইউর আজ লিভারপুল-পরীক্ষা
ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের লিভারপুল-পরীক্ষা। ইতালিতে দুই মিলানের ঘুরে দাঁড়ানোর লড়াই—এই হলো ইউরোপের ফুটবলে আজ রাতের আকর্ষণ।প্রিমিয়ার লিগে সাতটি ম্যাচ খেলে ফেলেছে ম্যানইউ। এখন পর্যন্ত হারেনি তারা। অপরাজিত থাকার এই রেকর্ড নিয়েই আজ অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে অ্যালেক্স ফার্গুসনের দল। অনেকের মতেই এই মৌসুমে ম্যানইউর সবচেয়ে বড় পরীক্ষা এটাই।পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও এই পরীক্ষার আগে খুব একটা স্বস্তিতে নেই ম্যানইউ। আন্তর্জাতিক ম্যাচের কারণে লিগের খেলা বন্ধ হওয়ার আগে লিগে স্টোক সিটির সঙ্গে ড্র করেছে তারা, চ্যাম্পিয়নস লিগেও এফসি বাসেলের মতো দলের সঙ্গে ড্র করতে হয়েছে।লিভারপুল শিবিরে এর ঠিক উল্টো চিত্র। ব্রাইটন, উলভস আর এভারটনের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসের টগবগ করছে ‘অল রেড’রা। গত মার্চে ম্যানইউকে ৩-১ গোলে হারানোর স্মৃতিটাও এখনো তাজা কেনি ডালগ্লিসের দলের।কিন্তু লিভারপুল পারবে তো ম্যানইউ পরীক্ষায় উতরাতে? লিভারপুল কোচ অবশ্য এই ম্যাচকে বড় পরীক্ষা বলতে চাইছেন না। বড় ম্যাচ বলে চারদিকে যে সাজ সাজ রব, ডালগ্লিস সেই উত্তেজনায় জল ঢেলে বলেছেন, ‘লোকেরা এটাকে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ বলছে। তবে আমি কোনো ম্যাচকেই বড়-ছোট করে দেখি না। এটাও আরেকটা ম্যাচ, জিতলে ৩ পয়েন্ট পাব।’লিভারপুল যদি ম্যানইউর বিপক্ষে জিতেই যায়, আদতে লাভ হতে পারে ম্যানচেস্টারের আরেক ক্লাব ম্যানচেস্টার সিটির। আজ নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে তারা। ম্যানইউ হারলে বা ড্র করলে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে শীর্ষে উঠে যাবে সিটি। ৭টি করে ম্যাচ খেলেছে দুই দলই, পয়েন্ট সমান ১৯।ইতালিতে মিলান শহরের দুই ক্লাবের অবস্থা শোচনীয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এসি মিলান আছে ১৫ নম্বরে। ইন্টার মিলান আরও নিচে (১৭তম)। আজ দুই মিলানই মাঠে নামছে। মিলান নিজেদের মাঠে খেলবে পালের্মোর বিপক্ষে। আর কাতানিয়ার মাঠে খেলবে ইন্টার।এ ম্যাচের আগে দুই মিলানেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরতে পারেন রবিনহো। দলকে সাহায্য করতে উন্মুখ হয়ে আছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার, ‘এখন ভালো আছি। চোট থেকে সেরে উঠেছি। দলের সঙ্গে অনুশীলন করছি এবং আশা করছি, দলকে জিততে সাহায্য করতে পারব।’ এএফপি।