ম্যানইউর জন্য চেলসির গোপন অস্ত্র!
কার্লো আনচেলত্তি ফোন দিতে পারেন অ্যালেক্স ফার্গুসনকে। জিজ্ঞেস করতে পারেন, ‘গত সপ্তাহে কী মন্ত্রবলে দলকে উজ্জীবিত করেছিলে ভায়া? সেই কানমন্ত্র আমাকেও দাও।’মন্ত্রটা আসলেই খুবই দরকার চেলসি কোচের। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসিকে হারিয়েছে, যেটি স্টামফোর্ড ব্রিজে গত ১০ বছরে ম্যানইউর প্রথম জয়। আজ ফিরতি লেগ। খেলা ওল্ড ট্রাফোর্ডে। শুধু চেলসি বলে নয়, চ্যাম্পিয়নস লিগে যেকোনো দলের বিপক্ষেই ওল্ড ট্রাফোর্ড দুর্গম দুর্গ। গত ৬ বছরে নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ হারেনি ম্যানইউ। সর্বশেষ ৩০ ম্যাচে পরাজয় মাত্র একটি! শুধু ঘরে ঘরে দুর্গ গড়েনি, ম্যানইউর দুর্গ হয়ে আছে তাদের গোলপোস্টও। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে আগের ৯ ম্যাচে মাত্র দুটি গোল ঢুকেছে তাদের জালে। ইংলিশ প্রিমিয়ার লিগেও নিজেদের মাঠে যে ১৬টি ম্যাচ খেলেছে, জিতেছে ১৫টিতেই, অন্যটি ড্র।বোঝাই যাচ্ছে, চেলসির যাত্রাপথে অজস্র কাঁটা বিছানো। তবে আনচেলত্তি এই বলে দলকে উজ্জীবিত করতে পারেন, ‘দেখো, ১০ বছর স্টামফোর্ড ব্রিজে জেতেনি যে ম্যানইউ, তারা কিন্তু ঠিকই গত ম্যাচে জিতে গেল। আমরা কেন পারব না?’ না পারার কারণ নেই। প্রথম লেগে ম্যানইউ মাত্র এক গোলে জিতেছে। আর চেলসির জন্য ইংলিশ কন্ডিশন কোনো বাধা হওয়ার কথা নয়। দুই ইংলিশ পরাশক্তি যখন মুখোমুখি হয়, অন্তত ফুটবলে পূর্ববর্তী পরিসংখ্যান অর্থহীন। ম্যানইউ নিজেই যেটা গত ম্যাচে দেখিয়ে দিয়েছে। ফার্গুসন তাই শিষ্যদের এই বলে সতর্ক করছেন, ‘আমরা ওদের মাঠে গিয়ে যা করেছি, চেলসির পক্ষে আমাদের মাঠে এসেও তা করা অবশ্যই সম্ভব।’ফার্গুসনের জন্য সুবিধা হলো, তরতাজা একাদশই নামাতে পারছেন। লিগের গত ম্যাচে ফুলহামের বিপক্ষে বিশ্রামে রেখেছিলেন নিয়মিত একাদশের আটজনকে। আর প্রথম লেগের গোলদাতা রুনি তো এমনিতেই ঘরোয়া ফুটবলে নিষিদ্ধ দুই ম্যাচের জন্য। ফার্গুসন বলেছেন, এতে ভালোই হয়েছে। রুনি লিগের গোলগুলো চ্যাম্পিয়নস লিগে করে দেবেন এই ফাঁকে! আর আনচেলত্তি বলছেন, ম্যানইউকে নাকি হকচকিয়ে দেওয়ার জন্য ‘সারপ্রাইজ গিফট’ নিয়ে যাচ্ছেন। দেখা যাক, কী সেই উপহার! চ্যাম্পিয়নস লিগে আজ আরেকটি ম্যাচ আছে। শাখতার দোনেৎস্কের মাঠে গিয়ে খেলবে বার্সেলোনা। কিন্তু প্রথম ম্যাচে ৫-১ গোলে শাখতার হেরে যাওয়ায় আজ তাদের জিততে হবে ৪-০ গোলে। বার্সেলোনা শেষ কবে যেন ৪-০ গোলে হেরেছে? তবে বার্সা কোচ পেপ গার্দিওলা খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছেন যাতে তাঁরা আত্মতুষ্ট হয়ে না পড়েন। সামনে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই—এল ক্লাসিকো। সুতরাং অপ্রত্যাশিত কোনো ফল যেন না হয় এ ম্যাচে। এএফপি, রয়টার্স।