ম্যানইউর ড্র, জয় চেলসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মঙ্গলবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার সঙ্গে ড্র করে ঝুলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের নকআউট পর্বের ভাগ্য। অ্যালেক্স ফার্গুসনের দল সেই ড্র ভাগ্য কাল টেনে আনল লিগ ম্যাচেও। ঘরের মাঠেই তারা কাল ১-১ গোলে ড্র করল ১০ জনের দল নিউক্যাসলের সঙ্গে।তবে চেলসি ভাগ্য বদলাতে পেরেছে। গত রোববার লিগে লিভারপুলের কাছে হারের পর চেলসি গত বুধবার হেরেছিল চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও। সেই তিক্ততা কাল আন্দ্রেস ভিলাস-বোয়াসের দল ভুলল ওলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে।মেক্সিকান তারকা হাভিয়ের হার্নান্দেজের ৪৯ মিনিটের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৬৪ মিনিটে রেফারির বিতর্কিত এক সিদ্ধান্তে পেনাল্টি থেকে নিউক্যাসলকে সমতায় ফেরান দেম্বা বা। চেলসিকে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড এনে দেন জন টেরি, স্টারিজ ও মাতা।এই ড্রয়ে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে ৪-এ নামল বটে; কিন্তু সিটি ম্যাচ খেলেছে একটি কম। ১৩ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৩০, ১২ ম্যাচে সিটির ৩৪। ১৩ ম্যাচে চেলসির ২৬।ম্যানইউর সঙ্গে ব্যবধানটা আজই ৭-এ উন্নীত করার সুযোগ ম্যান সিটির। লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচ তাদের। লিগে ১২ ম্যাচ শেষেও অপরাজিত রবার্তো মানচিনির দল। ড্র একটিতে, বাকি ১১ ম্যাচেই জয়! সিটি আজও নিজেদের অপরাজেয় যাত্রা ধরে রাখতে চাইবে। কিন্তু লিভারপুল কি ছেড়ে কথা বলবে? একে তো লিভারপুল খেলবে নিজেদের মাঠ অ্যানফিল্ডে, তার ওপর কেনি ডালগ্লিসের দল উড়ছে আগের ম্যাচেই চেলসির বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাসে। এএফপি।