ম্যানইউর নায়ক গিবসন!
ম্যানচেস্টার ইউনাইটেডের যুবদলে ছিলেন। সিনিয়র দলের হয়েও খেলেছেন এক বছর। কিন্তু জায়গা পাকা হয়নি। ধারে এখানে-ওখানে খেলে মাত্রই কিছুদিন আগে থিতু হয়েছেন এভারটনে। সেই ড্যারন গিবসন যেন পরশু এভারটন নয়, গোলটা করলেন ম্যানইউর হয়ে। তাঁর গোলটার কারণেই যে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলল ম্যানইউ!পরশু পর্যন্ত নগর-প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিল সিটি। কিন্তু ৬০ মিনিটে আইরিশ মিডফিল্ডার গিবসনের একমাত্র গোলে এভারটনের মাঠে গিয়ে হারল রবার্তো মানচিনির দল। ২২ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগে করা গিবসনের গোলটাই শেষে ঘুচিয়ে দিল ম্যানচেস্টারের দুই দলের মধ্যকার পয়েন্টের ব্যবধান। একই সময় নিজেদের মাঠে ম্যানইউ ২-০ গোলে হারাল স্টোক সিটিকে।সিনিয়র ১১ ফুটবলারকে ছাড়াই এদিন দল সাজাতে হয়েছিল অ্যালেক্স ফার্গুসনকে। পছন্দের প্রথম দুই গোলরক্ষকও ছিলেন না। শেষ পর্যন্ত দুই অর্ধে দুটো পেনাল্টি গোল ৩ পয়েন্ট এনে দিল ‘রেড ডেভিল’দের। হাভিয়ের হার্নান্দেজ আর দিমিতার বারবেতভ করেছেন গোল দুটি। দুই দলের পয়েন্ট এখন ৫৪, যদিও গোল ব্যবধানের কারণে ১ নম্বর জায়গাটি এখনো সিটিরই অধিকারে।আগের দুই ম্যাচ থেকে মাত্র একটি পয়েন্ট পাওয়া টটেনহামও এদিন ৩-১ গোলে জিতেছে উইগান অ্যাথলেটিকের বিপক্ষে। গ্যারেথ বেলের জোড়া গোলে পাওয়া তিনটি পয়েন্ট তাদের ধরে রেখেছে শিরোপার দৌড়ে। আগের ম্যাচে নরউইচ সিটির সঙ্গে ড্র করা চেলসি এবার কপালগুণে ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে।চেলসিরই সাবেক উইঙ্গার স্কট সিনক্লেয়ার ৩৯ মিনিটে এগিয়ে দিয়েছিলেন সোয়ানসিকে। নিষ্প্রভ চেলসির বিপক্ষে বেশ উজ্জ্বল ছিল সোয়ানসি। একসময় মনে হচ্ছিল, দুই সপ্তাহের মধ্যে তারা পেতে যাচ্ছে আরেকটি স্মরণীয় জয়। ১৫ জানুয়ারি নিজেদের মাঠে সোয়ানসি হারিয়ে দিয়েছিল আর্সেনালকে। কিন্তু এ ম্যাচে জয়টা ফসকে গেছে একেবারে মুঠো থেকে। সেটিও ৯৩তম মিনিটে করা নিল টেলরের আত্মঘাতী গোলে! লিগে টানা তিন ম্যাচে জয়শূন্য লিভারপুল অবশেষে জয়ের ধারায় ফিরল উলভারহ্যাম্পটনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে। একটি করে গোল করেছেন অ্যান্ড্রু ক্যারল, ক্রেইগ বেলামি ও ডার্ক কিউট।চোটের কারণে দলের একগাদা খেলোয়াড়কে হারিয়ে বেশ ভয়েই ছিলেন ফার্গুসন। বিশেষ করে, প্রথম পছন্দের দুই গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ও অ্যান্ডার্স লিন্ডেগার্ড চোটের কারণে ছিটকে যাওয়ার পর অশুভবার্তাই যেন পাচ্ছিলেন। তবে অভিষিক্ত বেন আমোস স্নায়ুপরীক্ষায় উতরে গেছেন। ২১ বছর বয়সী এই গোলরক্ষকের পারফরম্যান্সে বেশ তৃপ্ত কোচ। যদিও স্টোক সিটির কেউ সেভাবে তাঁর পরীক্ষাই নিতে পারেননি।ফার্গুসনের জন্য আরেকটি তৃপ্তি হতে পারে হার্নান্দেজের ফর্মে ফেরা। সামনেই বড় পরীক্ষা ম্যানইউর। লিগে পরের দুটো ম্যাচ চেলসি ও লিভারপুলের বিপক্ষে। এর আগেই পয়েন্ট টেবিলে সমতা ফেরানো ফার্গির কাছে ‘মানসিক তৃপ্তি’। এএফপি, রয়টার্স।