ম্যানচেস্টার ইউনাইটেড সংকট থেকে ফিরে আসতে জানে, এমনকি খাদের কিনারায় পৌঁছেও। এটি তারা বারবার দেখিয়েছে। পরশু চেলসির বিপক্ষে স্টামফোর্ড ব্রিজে আরেক খণ্ড প্রমাণ রাখল অ্যালেক্স ফার্গুসনের দল। খুব বাজে খেলে ৫০ মিনিটের মধ্যেই চেলসির বিপক্ষে ০-৩ গোলে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। অসহায় আত্মসমর্পণের ইঙ্গিতটা তখন স্পষ্ট। কিন্তু এখান থেকেই ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা তারা ড্র করে ফেলল (৩-৩)।রেফারিং ছিল প্রশ্নবিদ্ধ, সেটি আলাদা কথা। কিন্তু রক্ষণের অজস্র ভুলের মাশুল দিয়ে ম্যানইউ প্রথমে খায় একটি আত্মঘাতী গোল। ৩৬ মিনিটে চেলসির ড্যানিয়েল স্টারিজের ক্রসে পা লাগিয়ে নিজেদের জালে বল পাঠান ম্যানইউর ডিফেন্ডার জোনাথন ইভান্স। দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের মধ্যেই চেলসি পায় আরও দুই গোল। ৪৬ মিনিটে গোল করেন হুয়ান মাতা এবং ৪৯ মিনিটে ডেভিড লুইজ।৫৮ ও ৬৮ মিনিটে পেনাল্টি থেকে ওয়েইন রুনির দুই গোলে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখায় ম্যানইউ। এরপর চেলসিকেই উল্টো চাপে ফেলে দেয় সফরকারীরা। ৮৩ মিনিটে রায়ান গিগসের ক্রস থেকে বদলি খেলোয়াড় হাভিয়ের হার্নান্দেজ হেডে গোল করে ম্যানইউকে ফেরান সমতায়। এমনকি জিততেও পারত ফার্গুসনের দল।দুই কোচই ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে রেফারি হাওয়ার্ড ওয়েবের সমালোচনা করেছেন। চেলসি কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াস প্রথম পেনাল্টিটা মেনে নিলেও মানতে পারেননি দ্বিতীয়টি। ফার্গুসন দাবি করেছেন, প্রথমার্ধে তাদেরও একটি নিশ্চিত পেনাল্টি দেননি রেফারি।ড্র করে ম্যানচেস্টার সিটির চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যানইউ। তবে ওয়েইন রুনি মনে করেন, শিরোপা দৌড়ে এই ফিরে আসাটার গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকবে, ‘আমরা যেভাবে ফিরে এলাম সেটা ঘরে বসে সিটির খেলোয়াড়েরা নিশ্চয়ই উপভোগ করেনি। তারা জানে লড়াইটা শেষ পর্যন্ত হবে এবং আমরাও সেখানে থাকব।’এর আগে শনিবার রাতে ফুলহামকে ৩-০ গোলে হারায় সিটি। সার্জিও আগুয়েরো ও এডিন জোকোর দুই গোলের মাঝে আত্মঘাতী গোল করেন ফুলহামের ক্রিস বেয়ার্ড। ২৪ ম্যাচে সিটির ৫৭, ম্যানইউর ৫৫ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি আছে চারে।এদিকে ইতালিতে বড় দলগুলোর দুর্দশার এক দিনে এএস রোমা ৪-০ গোলে হারিয়েছে ইন্টার মিলানকে। গোলশূন্য ড্র হয়েছে এসি মিলান-নাপোলি ও জুভেন্টাস-সিয়েনা ম্যাচ দুটি। প্রতিপক্ষ খেলোয়াড়কে চড় মেরে লাল কার্ড দেখেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফিওরেন্টিনা ৩-২ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বর দল উদিনেসেকে। এএফপি, রয়টার্স।