ম্যানইউর সর্বকালের সেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মোট বয়স ৭৫। একজনের ৩৮, অন্যজনের ৩৭। একজন খেলতে নেমেছিলেন ক্লাবের হয়ে ৯০০তম ম্যাচ, অন্যজন ৬৮৬তম! পরশু ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়কও এই দুই ‘বুড়ো’। নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলের জয়ে ম্যানইউর গোল দুটি রায়ান গিগস ও পল স্কোলসের।গত মাসে ‘অকাল অবসর’ ভেঙে ফিরে আসার পর থেকেই দুর্দান্ত ফর্মে স্কোলস। ৭ মিনিটে নানির ক্রসে হেড করে ম্যানইউকে এগিয়েও দিয়েছিলেন ৩৭ বছরের এই ‘তরুণ’। ম্যাচের ৭ মিনিট বাকি থাকতে গ্র্যান্ট হোল্ট গোল শোধ করে দেওয়ার পর শেষ বাঁশির ঠিক আগ মুহূর্তে গিগসের গোল। এই জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান আবার দুইয়ে নামিয়ে এনেছে ম্যানইউ।তবে মাঠে নয়, গিগস-স্কোলস সেরা উপহারটা পেয়েছেন ম্যাচ শেষে। ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন তাঁদের ভাসিয়েছেন সর্বোচ্চ প্রশংসায়। ঘোষণা করে দিয়েছেন, ‘স্কোলস ও গিগস এই ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়।’চমকে দেওয়ার মতোই মন্তব্য। ফার্গুসন তো ‘মনে হলো, বলে দিলাম’ টাইপের লোক নন। স্কটিশ কোচ ২৫ বছর ধরে ম্যানইউর সর্বেসর্বা। ওল্ড ট্রাফোর্ডের অতীত এবং ঐতিহ্য, সমৃদ্ধ ইতিহাস—এর কোনো কিছুই তাঁর অজানা নয়। ম্যানইউর জার্সি গায়ে খেলেছেন স্যার ববি চার্লটন, জর্জ বেস্ট, ব্রায়ান রবসনের মতো কিংবদন্তিরা। ফার্গুসন সবই জানেন, তার পরও এই মন্তব্য স্বাভাবিকভাবেই পেয়েছে অন্য মাত্রা।আর শুধু ফার্গুসনই নন, স্কোলস-গিগস প্রশংসিত হচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের বাইরে থেকেও। ফার্গুসনের সঙ্গে সুর মিলিয়ে লিভারপুলের সাবেক অধিনায়ক জেমি রেডন্যাপ ডেইলি মেইল-এ নিজের কলামে লিখেছেন, ‘আমি শনিবার লিখেছিলাম, ২০ বছর ধরে লিভারপুলের চেয়ে ম্যানইউতে ভালো খেলোয়াড় ছিল। এর দুটি কারণ হলো, রায়ান গিগস আর পল স্কোলস। আমি দুজনেরই খুব ভক্ত। গতকাল (রোববার) মোট ৭৫ বছরের এই দুজন নরউইচের বিপক্ষে গোল করেছে। গিগস গোলটি করেছে ম্যানইউর পক্ষে ৯০০তম ম্যাচে। এটা কতটা বিস্ময়কর? এই লোকটা আসলে কিংবদন্তি।’১৯৯১ সালে ম্যানইউর পক্ষে প্রথম ম্যাচ খেলা গিগস ৯০০তম ম্যাচের মাইলফলক ছুঁতে পারতেন গত সপ্তাহেই। ইউরোপা লিগের ফিরতি লেগে আয়াক্সের বিপক্ষে মাঠে না নামায় পিছিয়ে যায় এই স্মরণীয় উপলক্ষটা। শেষ পর্যন্ত যখন তা হলো, আবেগ ছুঁয়ে গেল গিগসকে, ‘যে ক্লাবটিকে সমর্থন করে আমার বেড়ে ওঠা, সেই ক্লাবের পক্ষে ৯০০ ম্যাচ খেলা বিশেষ কিছু। আমার জন্য এটি স্মরণীয় একটি দিন।’সেটিকে আরও স্মরণীয় করে রাখতে পেরেছেন বলে গিগসের খুশিটা আরও বেশি, ‘অবশ্যই এটি বিশেষ একটা মুহূর্ত। শেষ মুহূর্তে গোল করাটা সব সময়ই দারুণ আর সেটি জয়সূচক হওয়াটা তো বোনাস।’ ফার্গুসন এটিকে দেখছেন নিয়তি-নির্ধারিত পুরস্কার হিসেবে, ‘রায়ানের ক্যারিয়ারটা যেমন, তাতে ম্যাচের শেষ শটটিতে যে ও জয়সূচক গোল করল...আমি মনে করি এটা ওর প্রাপ্যই।’ ওয়েবসাইট।