১৯৯৮-৯৯ মৌসুমের পর ম্যানইউর সামনে ছিল দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের হাতছানি। কিন্তু ম্যানইউর ‘ট্রেবল’ জয়ের স্বপ্নে ঠিকই পানি ঢেলে দিল ম্যানচেস্টার সিটি। ১০ জনের ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে ৩০ বছর পর এফএ কাপের ফাইনালে উঠে গেল ম্যান সিটি।ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়াম ওয়েম্বলিতে ম্যান সিটির ৩০ হাজার সমর্থককে আনন্দে ভাসিয়েছেন মিডফিল্ডার ইয়াইয়া তোরে। এই আইভরিয়ানের ৫২ মিনিটের গোলেই ফাইনালে রবার্তো মানচিনির দল। ৪২ বছর পর যারা এফএ কাপের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। এফএ কাপে চারবার শিরোপা জিতেছে ম্যান সিটি। যার সর্বশেষটি সেই ১৯৬৯ সালে। এরপর ১৯৮১ সালে ফাইনালে উঠেও হেরে যায় টটেনহামের কাছে। এফএ কাপে তো নয়ই, ৩৫ বছর ধরে কোনো ট্রফিই ওঠেনি ম্যান সিটির শো-কেসে।আগামী ১৪ মে ওয়েম্বলির ফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ স্টোক সিটি। কাল দ্বিতীয় সেমিফাইনালে বোল্টনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে স্টোক। দলকে ৩০ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে তুলে দেওয়া—গোলদাতা ইয়াইয়া তোরে উচ্ছ্বাসে ভাসছেন। আর কোটি ডলার মূল্যের গোলটা তিনি উৎসর্গ করেছেন বড় ভাই কোলো তোরেকে। ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন বলে গত গ্রীষ্মের দলবদলের সময় ইয়াইয়া বার্সেলোনা ছেড়ে যোগ দেন ম্যান সিটিতে। কিন্তু একটি ভুল শেষ করে দিয়েছে সেই স্বপ্ন। ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হয়েছেন কোলো তোরে। এই মৌসুমেই আর খেলতে পারবেন না তিনি।হতাশার এই সময়টায় ভাইয়ের মুখে হাসি ফোটাতেই যেন ইয়াইয়ার এই গোল উৎসর্গ, ‘এ মুহূর্তে আমি খুবই দুঃখিত। সে পেশাদার ফুটবলার। এবং সে খেলতে চায়। এই গোলটা আমি তাকে এবং ম্যান সিটির সমর্থকদের উৎসর্গ করতে চাই।’শুরুটা অবশ্য দাপটেই করেছিল ম্যানইউ। ইয়াইয়া এবং কোচ মানচিনিও মানছেন প্রথমার্ধ ছিল ম্যানইউর। মানচিনি বলছেন, ‘সম্ভবত প্রথম ২০-২৫ মিনিট আমাদের সংগ্রাম করতে হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদেরই প্রাধান্য ছিল। এবং জয়টা আমাদের পাওনাই ছিল।’ ম্যানইউ কোচ ফার্গুসনের দৃষ্টিতে দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটই তাদের হারের কারণ। এই সময়টায় ম্যান সিটি ছিল অন্য দল। ৫২ মিনিটে ইয়াইয়ার গোলের পর ৭২ মিনিটে পল স্কোলস মাঠ ছাড়েন লাল কার্ড দেখে। ম্যাচের বাকি ১৮ মিনিট ম্যানইউকে খেলতে হয়েছে ১০ জনকে নিয়ে।এদিকে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানইউর কাছে পরাজয়ের হতাশা চাপা দিয়ে লিগে জয়ের ধারায় ফিরেছে চেলসি। প্রথমে পিছিয়ে পড়েও ওয়েস্ট ব্রমউইচকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ১৭ মিনিটে পিছিয়ে পড়ার পর ২২ মিনিটে সমতায় ফেরান দিদিয়ের দ্রগবা। সলোমন কালু ও ল্যাম্পার্ডের গোলে প্রথমার্ধেই ৩-১ গোলের লিড পেয়ে যায় চেলসি। এএফপি।