ম্যানইউর হিসাব-নিকাশ
‘সি’ গ্রুপে অদ্ভুত সমীকরণের ফাঁদে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট ৯, গোল ব্যবধান +৪। কিন্তু তার পরও দ্বিতীয় রাউন্ড নিশ্চিত নয়। এমনকি আশঙ্কা আছে বাদ পড়ে যাওয়ারও। অথচ সমান ৯ পয়েন্ট আর কম গোল ব্যবধান (+৩) নিয়েও বেনফিকা দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে! চ্যাম্পিয়নস লিগের নিয়মের কারণেই এই অদ্ভুত সমীকরণ। ব্যাখ্যাটা এমন—শেষ ম্যাচে দুর্বল গালাতির (পাঁচ ম্যাচেই হেরেছে) বিপক্ষে বেনফিকা যদি হেরেও যায়, তাদের পয়েন্ট ৯-ই থাকবে। বাসেল ম্যানইউকে হারিয়ে দিলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। ম্যানইউর পয়েন্টও ৯-ই থাকবে। বাসেল-ম্যানইউ ড্র হলে তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে ৯। তখন দেখা হবে এই তিন দলের মধ্যকার ম্যাচের গোল ব্যবধান। বাসেলের সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে বেনফিকা (৩/১)। ম্যানইউ-বেনফিকা দুই লেগই ড্র হলেও প্রতিপক্ষের মাঠে এক গোল বেশি করার সুবাদে বেনফিকা উঠে যাবে নকআউট পর্বে। উঠে যাবে কি, এরই মধ্যে উঠেই গেছে পর্তুগিজ ক্লাবটি।