ম্যানইউর হোঁচটে সিটির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটিশ হওয়ার পরও শন মেলোনির নাম যদি তাঁরই স্বদেশি কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন আগে না জেনে থাকেন, অবাক হওয়ার কিছু নেই। তবে এটা নিশ্চিত, ফার্গুসন বেশ কিছুদিন এই নামটা মনে রাখবেন এখন। শেষ পর্যন্ত মৌসুমের অঙ্কটা যদি ওলট-পালট হয়ে যায়, কে জানে, ফার্গুসন হয়তো এই নাম ভুলতে পারবেন না! গত অক্টোবর থেকে অবনমন অঞ্চলে পড়ে থাকা উইগান যে মেলোনিরই একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল ১-০ গোলে!এই জয়ের ফলে অবনমন অঞ্চল থেকে ১৭ নম্বরে উঠে এল উইগান। ইংলিশ প্রিমিয়ার লিগে এনে দিল শেষ অঙ্কের রোমাঞ্চ। ওয়েস্টব্রমের বিপক্ষে নিজেদের ম্যাচটা ৪-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। ম্যাচে আলো ছড়িয়েছেন দুই আর্জেন্টাইন। সার্জিও আগুয়েরো করেছেন জোড়া গোল। তার চেয়েও বড় খবর, ১১ মাস পর গোলের দেখা পেয়েছেন কার্লোস তেভেজ। বাকি গোলটি ডেভিড সিলভার।সিটির তলিয়ে যাওয়া আশার চরটি আবার জাগাল বড় এই জয়টি। ব্যবধান এখন ৫ পয়েন্টের। লিগে বাকি পাঁচটি ম্যাচ। এর দুটোতে ম্যানইউ এমন হোঁচট খেলে হিসাব পাল্টে যেতেই পারে। এর একটি ম্যাচ আবার সিটির মাঠে সিটির বিপক্ষেই। ম্যানইউ অবশ্য তিনটি হোম ম্যাচ পাবে, সিটির হোম ম্যাচ বাকি দুটি। ফার্গিও বলছেন, হোম ম্যাচেই হয়ে যাবে আসল ব্যবধান। টানা ২০ ম্যাচ শীর্ষস্থান ধরে রাখার পর দুইয়ে নেমে যাওয়া সিটির শিরোপা জয়ের আশা দেখছেন না খোদ রবার্তো মানচিনিই। আবারও শিরোপার লড়াই শুরু হলো কি না, এমন প্রশ্নের জবাবে সিটি কোচ বলেছেন, ‘আমি তা মনে করি না। ইউনাইটেড দুর্দান্ত দল। আমার ধারণা, ওরাই শিরোপা জিতবে।’দুই নগর প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে আড়ালে চলে গেছেন। না হলে রবিন ফন পার্সিই বন্দিত চরিত্র। আর্সেনালের অধিনায়ক হওয়ার পর অবিশ্বাস্য ফর্মে থাকা ফন পার্সি পরশু একটি রেকর্ড ছুঁয়েছেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে আর্সেনালের ৩-০ গোলে জেতা ম্যাচে প্রথম গোলটি পার্সির। এবার লিগে ১৯ প্রতিপক্ষের ১৭টির বিপক্ষেই গোল করলেন এই ডাচ স্ট্রাইকার। ২০ দলের লিগ হওয়ার পর এমন কৃতিত্ব আর আছে ইয়ান রাইটের। পার্সি এবার সিটি আর ফুলহামের বিপক্ষেই শুধু গোল পাননি।ওদিকে জার্মান বুন্দেসলিগার শীর্ষ দুই দলের লড়াইয়ে হেরে গেছে বায়ার্ন মিউনিখ। ৭৭ মিনিটে রবার্ট লিওয়ান্ডোস্কির গোল জিতিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। ৮৫ মিনিটে আরিয়েন রোবেন পেনাল্টি মিস না করলে ফল অন্যরকম হতো। লিগে আর বাকি মাত্র চারটি ম্যাচ। ডর্টমুন্ডের পয়েন্ট ৬৯, বায়ার্নের ৬৩। এএফপি, রয়টার্স।