ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতে চান বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে আবারও রেকর্ড গড়ে সোনা জিতেছেন উসাইন বোল্ট। টানা দুটি অলিম্পিকের ১০০ মিটার দৌড়ে সোনা জিতে নিজেকে কিংবদন্তি অ্যাথলেটদের কাতারে নিয়ে গেছেন জ্যামাইকার এই দৌড়বিদ। সেই বোল্ট কিনা ফুটবল অঙ্গনে পা রাখতে চান! সবাইকে আবাক করে দিয়ে প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কাছে তিনি ‘আর্জি’ জানিয়েছেন, অন্তত একবার যেন ফার্গি তাঁকে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সুযোগ করে দেন।বিশ্বের দ্রততম মানব উসাইন বোল্ট অনেকবারই নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত বলে পরিচয় দিয়েছেন। কোচ অ্যালেক্স ফার্গুসনকে জানিয়েছেন রেড ডেভিলদের লাল জার্সি পরার ইচ্ছাটার কথা। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি জ্যামাইকান এই অ্যাথলেটের। এবার লন্ডন অলিম্পিকে ইতিহাস গড়ার পর সেই আকাঙ্ক্ষার কথাটা আবারও জানালেন বোল্ট। সম্প্রতি ‘দ্য সান’কে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘মানুষ হয়তো ভাববে আমি ঠাট্টা করছি। কিন্তু যদি অ্যালেক্স ফার্গুসন আমাকে ডাক দেন, তাহলে আমি বলব ঠিক আছে আমার একটা পরীক্ষা নেওয়া হোক। এই প্রস্তাবে না বলাটা আমার জন্য অসম্ভব। সামর্থ্য না থাকলে হয়তো আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতাম না। কিন্তু আমি জানি, আমি খুবই সফল খেলোয়াড় এবং আমি পরিবর্তন আনতে পারি।’ ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি আকর্ষণ করে তাঁকে একটা সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বোল্ট।এর আগে ম্যানচেস্টার স্ট্রিট রেসে দৌড়ানোর সময় অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে পরিচিত হয়েছিলেন উসাইন বোল্ট। ১৫০ মিটারের এই দৌড়ে রেকর্ড গড়ে প্রথম হয়েছিলেন তিনি। ইএসপিএন