ম্যানচেস্টার ইউনাইটেডে ফন পার্সি
রবিন ফন পার্সিকে নিয়ে চলমান দড়ি টানাটানির অবসান হয়েছে। আর্সেনাল ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এই ডাচ স্ট্রাইকার নাম লেখাচ্ছেন চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের তাঁবুতে। লন্ডন থেকে ফন পার্সিকে ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে আসতে ম্যানচেস্টার ইউনাইটেডকে গুনতে হচ্ছে ২৪ মিলিয়ন ইউরো। দীর্ঘ আলাপ-আলোচনা ও অনিশ্চয়তার পর এই পরিমাণ মূল্যে ফন পার্সিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করে দিতে সম্মতি জানিয়েছে আর্সেনাল। আজ বৃহস্পতিবার ফন পার্সি ম্যানচেস্টারে গিয়ে তাঁর দলবদলের ব্যাপারে সবকিছু চূড়ান্ত করবেন বলে জানা গেছে। পার্সির ডাক্তারি পরীক্ষাটাও এই ফাঁকে হয়ে যাচ্ছে বলে গোল ডটকমের এক খবরে বলা হয়েছে।মৌসুম শেষেই ফন পার্সি আর্সেনালের সঙ্গে নিজের চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। এর পরপরই তাঁর পেছনে ছোটা শুরু করে ইউরোপের বিভিন্ন ক্লাব। ইংলিশ প্রিমিয়ারশিপের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও এই ডাচ স্ট্রাইকারকে কিনে শিরোপা অক্ষুণ্ন রাখার মিশনে অন্য মাত্রা যোগ করতে চেয়েছিল। টাকার ঝুলি নিয়ে তাঁর পেছনে ছুটেছিল ইতালীয় সিরি ‘আ’ জয়ী দল জুভেন্টাসও। শেষ পর্যন্ত এই ইঁদুর-বিড়াল খেলায় জয় হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চার বছরের চুক্তি সই করতে যাচ্ছেন রবিন ফন পার্সি।এদিকে, আর্সেনাল ক্লাবের অফিশিয়াল ওয়েবসাইটও রবিন ফন পার্সিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে বিক্রি করে দেওয়ার খবর নিশ্চিত করেছে। ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রবিন ফন পার্সিকে বিক্রির ব্যাপারে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে অর্থকরির বিষয়ে আর্সেনাল একমত হয়েছে।’সেখানে আরও বলা হয়েছে, ‘ফন পার্সি বৃহস্পতিবার ম্যানচেস্টারে গিয়ে ব্যক্তিগত চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করবেন। একই সঙ্গে তিনি তাঁর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন।’ম্যানচেস্টার ইউনাইটেডে রবিন ফন পার্সির স্ট্রাইকিং সঙ্গী হতে অপেক্ষায় আছেন ওয়েইন রুনি। গত মৌসুমে ফন পার্সির পরেই গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন রুনি। আসন্ন মৌসুমে পার্সি-রুনি জুটি প্রতিপক্ষকে কী ধরনের পরীক্ষায় ফেলে, সেটা দেখার অপেক্ষায় এখন সবাই।