ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিফিন পিরিয়ডের ঘণ্টা বাজতেই ব্যাট-বল নিয়ে দৌড়। কিন্তু আচমকা থেমে যেতে হলো মাঠের পাশে এসে। মাঠের মাঝখানে অপরিচিত কিছু লোকজন। দুই প্রান্তে দুটি ছোট গোলপোস্ট লাগানো। কী হচ্ছে, তখনো বুঝতে পারেনি ছেলেটা। কিন্তু বেশ বুঝতে পারল, টিফিন-ঘণ্টায় আজ আর খেলা হবে না ক্রিকেট। মনটাই খারাপ হয়ে গেল।ক্রিকেট খেলতে না পারলেও কাল টিফিন পিরিয়ডে সেন্ট যোসেফ স্কুলের ছাত্ররা যা দেখল, এক কথায় তা অভাবনীয়। ব্যাট-বল হাতে যারা মাঠের পাশে এসে মন খারাপ করে দাঁড়িয়ে পড়েছিল, টিফিন পিরিয়ড শেষে তাদের মধ্যেও অন্য রকম ফুটবল দেখার আনন্দ। মেসি-রোনালদোর মতো বড় তারকা নন বলে কালকের আগে সম্ভবত খুব কম ছাত্রই জানত কুইন্টন ফরচুনের নাম। কাল শুধু তাঁর নামই জানা হলো না, ফরচুনকে তারা দেখল, অটোগ্রাফ নিল, তাঁর সঙ্গে কথা বলল, অনেকে তো ফুটবলও খেলল!দেশব্যাপী ফুটবল-প্রতিভা অন্বেষণের জন্য কাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা এল এয়ারটেল রাইজিং স্টারস ক্যাম্পেইনের। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দক্ষিণ আফ্রিকান ফুটবলার কুইন্টন ফরচুনের ঢাকা সফর সে উদ্দেশ্যেই। দুপুরে রূপসী বাংলা হোটেলে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সকালবেলা ফরচুনকে ঘিরে থাকল সেন্ট যোসেফের ছাত্ররা। মিনিট দশেকের মিনি ফুটবল ম্যাচে সাবেক ইউনাইটেড খেলোয়াড়ের পায়ের জাদু দেখে অভিভূত দশম শ্রেণীর ছাত্র জাকারিয়া আর সিয়াম। ফরচুনের কাছ থেকে দারুণ দুটি পাস পেয়েও গোল করতে না পারায় আফসোস জাকারিয়ার, ‘দারুণ খেললেন তিনি। কিন্তু চমৎকার দুটি পাস পেয়েও গোল করতে পারলাম না!’ সিয়াম বলল, ‘ম্যানচেস্টারে তিনি নিয়মিত খেলেননি। কিন্তু আমি মনে করি, তাঁর আরও বেশি খেলা উচিত ছিল।’ম্যানচেস্টার ইউনাইটেডের বড় তারকাদের তালিকায় কখনোই আসবে না ফরচুনের নাম। অথচ তিনিই কি না ফুটবল-নৈপুণ্য দিয়ে মন জয় করে ফেললেন খুদে ফুটবলারদের! ভাবুন একবার, বাংলাদেশের খুদে ফুটবলাররা যদি সুযোগ পায় ইউনাইটেডের আসল তারকাদের স্বচক্ষে দেখার, ক্যারিংটনে ইউনাইটেডের অনুশীলন মাঠ দাপিয়ে বেড়ানোর, কেমন হবে সেই আনন্দ অনুভূতি? ব্যাপারটা আর রূপকথার পর্যায়ে নেই। সেই স্বপ্ন সত্যি করবে এয়ারটেল রাইজিং স্টারস ক্যাম্পেইন।এয়ারটেল রাইজিং স্টারসের অনূর্ধ্ব-১৬ প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলবে তিন মাস, তিন পর্বে হবে খেলোয়াড় বাছাই। এসএমএসের মাধ্যমে খেলোয়াড় নিবন্ধন শুরু হবে আগামীকাল, চলবে ২১ জুলাই পর্যন্ত। এরপর জেলা পর্বের বাছাই। এই পর্বে প্রতিটি জেলা থেকে ২০ জন করে সেরা খেলোয়াড় বাছাই করা হবে। জেলা দলগুলো এরপর নকআউট টুর্নামেন্ট খেলবে নিজ বিভাগের অন্য জেলা দলের সঙ্গে। এই প্রতিযোগিতা থেকে সেরা ২৫ জন করে খেলোয়াড় নিয়ে গঠিত হবে প্রতিটি বিভাগীয় দল। ঢাকা বিভাগের দুটিসহ সাত বিভাগের মোট আটটি দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব। এই পর্বে বাংলাদেশে আসবেন ম্যানচেস্টার ইউনাইটেডের পেশাদার কোচরা। চূড়ান্ত পর্ব থেকে ১২ জন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করবেন তাঁরা। সেপ্টেম্বরের মাঝামাঝি এই ১২ সৌভাগ্যবান ফুটবলারকে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য নিয়ে যাওয়া হবে ওল্ড ট্রাফোর্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে। মোবাইল ফোন কোম্পানি ভারতী এয়ারটেল আর ম্যানচেস্টার ইউনাইটেডের এই যৌথ উদ্যোগে এয়ারটেল রাইজিং স্টারস ক্যাম্পেইন পাশে পাচ্ছে প্রথম আলো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়কে।কাল এয়ারটেল রাইজিং স্টারস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনাইটেড তারকা কুইন্টন ফরচুন, ম্যানচেস্টার ইউনাইটেড লিমিটেডের অ্যাসোসিয়েট রিলেশনশিপ ডিরেক্টর রিকি তুজু, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ক্রিস টবিট, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন প্রমুখ।