ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই দিন আগেই রুনির ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াটা একরকম নিশ্চিতই ছিল। কোচ অ্যালেক্স ফার্গুসনও স্বীকার করেছিলেন, রুনি ম্যান ইউ ছাড়তে চান। কিন্তু হঠাত্ মত বদলেছেন এই ইংলিশ স্ট্রাইকার। ম্যান ইউর সঙ্গে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।ম্যান ইউয়ে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পেছনে পুরো কৃতিত্ব রুনি দিয়েছেন কোচ অ্যালেক্স ফার্গুসনকে। নতুন করে পাঁচ বছরের চুক্তি করার পর রুনি বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম, কোচ অ্যালেক্স ফার্গুসন একজন অসাধারণ ব্যক্তি। আমার ওপর তাঁর আস্থা ও সমর্থনের কারণেই আমি থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আশা করছি, ম্যান ইউর শিরোপা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য ক্লাবের সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এ বিশ্বাস থেকেই আমি নতুন চুক্তিটা স্বাক্ষর করেছি।’রুনি ম্যান ইউর সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করায় কোচ ফার্গুসনও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্লাবের ওয়েবসাইটে তিনি বলেছেন, ‘রুনি ম্যান ইউয়ে থেকে যেতে রাজি হওয়ায় আমি খুবই খুশি। হয়তো এখন সে বুঝতে পেরেছে যে ম্যানচেস্টার ইউনাইটেড কত বড় একটা ক্লাব। আমি খুবই খুশি যে, সে ক্লাবের নতুন খেলোয়াড়দের পথ দেখানো আর নিজেকে ম্যান ইউর একজন তারকা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার চ্যালেঞ্জটা গ্রহণ করেছে।’ম্যান ইউর সঙ্গে সংশ্লিষ্ট সবাই রুনিকে আবার পুরোনো ফর্মে ফেরার জন্য সর্বাত্মক সাহায্য করবে বলে আশা করছেন ফার্গুসন।—বিবিসি অনলাইন