ম্যানচেস্টার ইউনাইটেডের বিতর্কিত জয়
দুটি লালকার্ড, পাঁচটি গোল—একটি ম্যাচে নাটকীয় ঘটনা যা ঘটার প্রায় সবই ঘটেছে কাল স্ট্যামফোর্ড ব্রিজে। সেই সঙ্গে বোনাস হিসেবে ছিল রেফারিং বিতর্ক। কিন্তু দিনের শেষে জয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-২ গোলের জয়ে চেলসির সঙ্গে ‘রেড ডেভিল’দের পয়েন্টের ব্যবধান এখন মাত্র এক।ম্যাচের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে এগিয়ে গেলেও চেলসি দুটি গোলই ফিরিয়ে দিয়েছিল। কিন্তু ৭৫ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের গোলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয়টা নিজেদের করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়সূচক গোলটি নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে, ওটা ছিল পরিষ্কার অফসাইড।খেলার চার মিনিটে চেলসির ডেভিড লুইজের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে চেলসি। ১২ মিনিটে রবিন ফন পার্সির মৌসুমের নবম গোল ম্যানচেস্টার ইউনাইটেডকে এগিয়ে নিয়ে যায় ২-০ গোলে। প্রাথমিক ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিতে খুব অল্প সময় নিয়েছে চেলসি। ৪৪ মিনিটের মাথায় হুয়ান মাতার গোলে ম্যাচে ফেরে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৫৩ মিনিটে) আরও একটি গোল ম্যানচেস্টার ইউনাইটেডের জালে জড়িয়ে খেলায় ফিরে আসে তারা। সমতাসূচক গোলটি আসে র্যামিরেসের মাথা থেকে।খেলায় যখন ২-২ সমতা ঠিক তখনই পরপর দুটি লালকার্ড চেলসিকে পরিণত করে নয়জনের দলে। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ব্রানিস্লাভ ইভানোভিচ ও ফার্নান্দো তোরেসের লালকার্ড পেলে ম্যাচের শেষ ২২ মিনিটে চেলসির ওপর রীতিমতো চড়ে বসে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হাভিয়ের হার্নান্দেজের বিতর্কিত অফসাইডের গোলটি ছাড়া চেলসিকে পেছনে ফেলার আর কোনো পথ খুঁজে নিতে পারেনি তারা। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া জানিয়েছেন চেলসির কোচ রবার্তো ডি মাত্তেও। তিনি বলেছেন, ম্যাচে রেফারির দেওয়া গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত খেলার ফলাফলকে প্রভাবিত করেছে।মাত্তেওর মতে, ফার্নান্দো তোরেসের লালকার্ড ও হাভিয়ের হার্নান্দেজকে অফসাইডে থেকে গোল করতে দেওয়াই ম্যাচের ফলাফল নির্ধারণ করে দিয়েছে।মাত্তেও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ফার্নান্দো তোরেসকে লালকার্ড দেখানো রেফারির অন্যায় সিদ্ধান্তের একটি। ফাউলের শিকার হয়েও তোরেস লালকার্ড দেখেছেন, যা অভাবনীয়। তিনি বলেন, ‘ম্যাচে রেফারি ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে বাঁশি বাজিয়েছেন। ব্যাপারটি আমাদের দারুণভাবে ক্ষুব্ধ করেছে।’