ম্যানচেস্টার ইউনাইটেডের শোকের ক্ষণ

গতকাল ছিল ১৯৯৩ সালে জাম্বিয়ান ফুটবল দলকে বহন করা বিমান দুর্ঘটনার বর্ষপূর্তি। এ উপলক্ষে প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছিল ফুটবলের সবচেয়ে মর্মান্তিক ট্র্যাজেডির গল্প। ফুটবল ইতিহাসে এ রকমই আরেকটি শোকের চাদরে মুড়ে থাকা অধ্যায় আছে। মিউনিখের বিমান দুর্ঘটনায় হারিয়ে গিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেরা কয়েকজন খেলোয়াড়। আজ শুনুন সেই গল্প—
মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। সকালে বিকালে বদলায়, দিনে রাতে বদলায়, কারণে অকারণে বদলায়।
তবে এই বদলে যেতে যেতেই কেউ কক্ষচ্যুত হয়, কেউ আবার দৃঢ়তার সঙ্গে এগিয়ে যায় অভীষ্ট লক্ষ্যের দিকে। সর্বকালের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার, ইংল্যান্ডের ’৬৬-এর বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য, ইংল্যান্ড জাতীয় দল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা, ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা—এমন অসংখ্য অর্জন স্যার ববি চার্লটনের। যার প্রায় শতভাগ অর্জনই ১৯৫৮-এর পরের। অথচ ১৯৫৮ সালের ৬ ফেব্রুয়ারিই থেমে যেতে পারত পরবর্তী সময়ে কিংবদন্তি হয়ে ওঠা এই ফুটবলারের পথচলা।
১৯৫৮-এর ৬ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেডে এবং ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে এক শোকাবহ দিন। জার্মানির মিউনিখে এক বিমান দুর্ঘটনায় ম্যানচেস্টার ইউনাইটেডের আটজন খেলোয়াড়সহ নিহত হন ২৩ জন।
স্যার অ্যালেক্স ফার্গুসন পূর্ব ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে সফল এবং সবচেয়ে বেশি সময়ের ম্যানেজার স্যার ম্যাট বাসবির তরুণ ‘বাসবি বেইবস’খ্যাত দলটির সঙ্গে সতীর্থ, ক্লাব কর্মকর্তা, সাংবাদিক এবং সমর্থকদের নিয়ে ববি চার্লটন সেদিন তত্কালীন যুগোস্লাভিয়ার বেলগ্রেড থেকে ম্যানচেস্টারে ফিরছিলেন। হালের চ্যাম্পিয়নস লিগের পূর্বসূরি ইউরোপিয়ান কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে যুগোস্লাভিয়ার রেডস্টার বেলগ্রেডের সঙ্গে ফিরতি লেগের খেলা ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বেলগ্রেডে ৩-৩-এ ড্র করে দুই লেগ মিলিয়ে ৫-৪-এ এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে খুশিমনে সেদিন ঘরে ফিরফিল ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে চার্লটন একাই করেন ৩ গোল, যার দুটিই করেন বেলগ্রেডের অ্যাওয়ে ম্যাচে।

মাত্রই তিন বছর আগে, ১৯৫৫ সালে উয়েফা ইউরোপের সেরা দলগুলোকে নিয়ে চালু করে ইউরোপিয়ান কাপ। ১৯৫৫-৫৬ মৌসুমে চেলসি লিগ শিরোপা জিতলেও লিগ কর্তৃপক্ষ ‘ইংলিশ ফুটবলের বৃহত্তর স্বার্থে’ চেলসিকে অনুমতি দেয়নি ইউরোপিয়ান কাপে খেলতে। পরের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতেও লিগ কর্তৃপক্ষের একই বাধার মুখে পড়ে। কিন্তু ইউনাইটেড বস বাসবি এবং চেয়ারম্যান হ্যারল্ড হার্ডম্যান বহু কাঠখড় পুড়িয়ে আদায় করে নেন অনুমতি এবং প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ইউনাইটেড খেলে ইউরোপিয়ান কাপে। প্রথমবারের চেষ্টাতেই তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হেরে থামে তাদের পথ চলা। পরেরবার ১৯৫৮ সালেও লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং এবারও তাদের ইউরোপিয়ান কাপে বন্ধুর পথ।
ঘরোয়া খেলা হতো শনিবারে এবং ইউরোপিয়ান কাপ মাঝ সপ্তাহে। ঘরোয়া লিগ কর্তৃপক্ষকে ভুল প্রমাণ করার জন্য ঘরোয়া লিগের সূচিতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে জন্য সপ্তাহের মাঝে ইউরোপের অন্য কোথাও খেলেই সপ্তাহান্তে দেশের মাটিতে উপস্থিত থাকার জন্য প্রাণান্ত চেষ্টাই করতে হতো তাদের। যদিও তত্কালীন প্রেক্ষাপটে বিমানভ্রমণ বেশ ঝুঁকিপূর্ণই ছিল, কিন্তু লিগ কর্তৃপক্ষকে ভুল প্রমাণ করতে এ ছাড়া আর কোনো পথও খোলা ছিল না ইউনাইটেড কর্তৃপক্ষের।
সামরিক রোভারস ও ডুকলা প্রাগকে প্রাথমিক এবং প্রথম রাউন্ডে হারানোর পর ম্যানচেস্টার ইউনাইটেডের শেষ আটের খেলা পড়ে যুগোস্লাভিয়ার রেড স্টার বেলগ্রেডের সঙ্গে। প্রথম লেগে নিজেদের মাঠে ২-১-এ জিতে এগিয়ে থেকেই বেলগ্রেড যায় ইউনাইটেড। আগের রাউন্ডেই প্রাগ থেকে ফেরার পথে ইংল্যান্ডের ঘন কুয়াশার কারণে

আকাশপথে ইংল্যান্ডে ফিরতে না পেরে তারা সেখান থেকে আমস্টারডাম হয়ে ফেরি এবং ট্রেনে করে ফিরেছিল ম্যানচেস্টারে। এবং এই ধকল সামলাতে না পেরে লিগে পরের ম্যাচে ইউনাইটেড বার্মিংহাম সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ম্যাচটি।
লিগের সূচিতে বিঘ্ন না ঘটাতে এবং আবার দীর্ঘ সড়ক বা রেলপথের ঝক্কি এড়াতে ইউনাইটেড ব্রিটিশ ইউরোপিয়ান এয়ারওয়েজের একটি বিমান ভাড়া করে। রাইট ফরওয়ার্ড জনি বেরি তাঁর পাসপোর্ট হারিয়ে ফেললে বেলগ্রেড থেকে বিমান ছাড়তেই দেরি হয় ঘন্টা খানেকের। জনি অবচেতনে কোনো ইশারা পেয়েছিলেন কি না, কে জানে। এলিজাবেথান এয়ারস্পিড এয়ারক্রাফটের বেলগ্রেড থেকে ম্যানচেস্টার পর্যন্ত সরাসরি উড্ডয়ন সক্ষমতা ছিল না। তাই বিমানটি তত্কালীন পশ্চিম জার্মানির মিউনিখের রেম বিমানবন্দরে অবতরণ করে জ্বালানি সংগ্রহের জন্য।
জ্বালানি সংগ্রহ শেষে পাইলট বিমান উড্ডয়নের জন্য দুবার চেষ্টা করেও ব্যর্থ হন। এমনকি একপর্যায়ে বিমান থেকে সবাইকে নামিয়ে লাউঞ্জে পাঠিয়ে দেওয়া হয়। খেলোয়াড়দের অনেকেরই সেদিন মন আর সায় দিচ্ছিল না উড্ডয়নে। ডানকান এডওয়ার্ডস ম্যানচেস্টারে তাঁর বাড়িওয়ালিকে টেলিগ্রাম করে জানিয়েও দেন, সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। তিনি আগামী কাল আসবেন। ডানকান তখনো জানতেন না যে সেই আগামী কাল তিনি আর পাবেন কি না। ততক্ষণে মিউনিখের আকাশে শুরু হয়ে গেছে তুষারপাত। শিডিউল ঠিক রাখতে বিমানের ক্যাপ্টেন মিউনিখে রাত কাটানোর পরিকল্পনা বাতিল করে দেন। আবার যখন যাত্রীদের বিমানে ডাকা হয় কেউই ঠিক ভরসা পাচ্ছিলেন না। অনেকেই একটু অধিকতর নিরাপত্তার আশায় পূর্বের আসন অন্যদের সঙ্গে পরিবর্তন করে নেন, কেউবা পেছনের দিকের সিটে গিয়ে বসেন। চার্লটন এবং ডেনিস ভায়োলেট তাঁদের আসন বদল করেন টমি টেইলর এবং ডেভিড পেগের সঙ্গে।
সবকিছু ঠিকঠাক করে নিয়ে তৃতীয়বারের মতো টেক-অফের চেষ্টা করতেই বিমানটি রানওয়ের তুষারের পাতলা আবরণের ওপর দিয়ে গতি সঞ্চারের চেষ্টা করতেই ছিটকে রানওয়ের বাইরে চলে যায়। রানওয়ের বাইরে একটা বাড়িতে ধাক্কা খেয়ে বিমানের বাম ডানা ভেঙে যায়। পাশের বেড়া এবং গাছের সঙ্গে ধাক্কা খেয়ে প্রায় দ্বিখণ্ডিত হয়ে থেমে যাওয়ার আগে ভেঙে যায় আরেক ডানা এবং লেজের অংশবিশেষ। প্রচণ্ড কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ।
খেলোয়াড়, কর্মকর্তা, ক্রু, সাংবাদিক এবং সমর্থকসহ ৪৪ জনের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় ২০ এবং পরবর্তী সময়ে হাসপাতালে আরও তিনজনসহ মোট ২৩ জন মারা যান সেই দুর্ঘটনায়। ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়ই মারা যান আটজন।
পাসপোর্ট হারিয়ে বেলগ্রেডেই বিমানটিকে ঘণ্টা খানেক দেরি করিয়ে দেওয়া জনি বেরি দুর্ঘটনা থেকে মারাত্মক আহত অবস্থায় প্রাণে বেঁচে গেলেও আর কখনোই খেলতে পারেননি ফুটবল। প্রাণে বেঁচে যাওয়া আরেক খেলোয়াড় জ্যাকি ব্লাঞ্চফ্লাওয়ারেরও আর কখনো সৌভাগ্য হয়নি বলে লাথি মারার। মিউনিখ বিমানবন্দর থেকে বাড়িওয়ালিকে টেলিগ্রাম পাঠানো ডানকান এডওয়ার্ডস জীবিত অবস্থায় আর ফিরে যেতে পারেননি ম্যানচেস্টারে। বিমান দুর্ঘটনার ১৫ দিন পর মিউনিখের হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যাদের সঙ্গে আসন বদল করেছিলেন, সেই টমি টেইলর এবং ডেভিড পেগ ঘটনাস্থলেই মারা গেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চার্লটন ও ভায়োলেট।
সেদিন প্রাণে বেঁচে গিয়ে ভায়োলেট, চার্লটন, ফোক্সরা পরে ক্লাব ও জাতীয় দলের কিংবদন্তি হয়ে উঠলেও জিওফ বেন্ট, ডানকান এডওয়ার্ডস, ডেভিড পেগ, টমি টেইলররা ২৪-২৫ বছর বয়সেই না-ফেরার দেশে পাড়ি জমিয়ে ট্র্যাজিক হিরো হয়ে কেবল রয়ে যান শোকাবহ ইতিহাসের পাতায়।
সেমিফাইনালে প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে মিলানের বিপক্ষে ২-১ গোলে জিতলেও সান সিরোতে পরের লেগে ৪-০ গোলে হেরে ইউরোপিয়ান কাপ থেকে বিদায় নেয় ভগ্ন হূদয় ম্যানচেস্টার। আর ফাইনালে মিলানকে ৩-২ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ টানা তৃতীয়বার জিতে নিজের করে নেয় ইউরোপিয়ান কাপের প্রথম তিনটি শিরোপা। এই বিমান দুর্ঘটনা ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে তো বটেই, সমস্ত ফুটবল বা সমগ্র ক্রীড়া ইতিহাসেরই অন্যতম বিয়োগান্তক একটা ঘটনা। ওপার থেকে দলের বিদায় দেখা ছাড়া কিছু করার ছিল না জিওফ বেন্ট, রজার বার্ন, এডি কোলম্যান, ডানকান এডওয়ার্ডস, মার্ক জোন্স, ডেভিড পেগ, টমি টেইলর, বিলি হুয়েলানদের। এত কিছুর পরও খেলা চালিয়ে যাওয়াই বড় কথা। ববি চার্লটনরা আর কী-ইবা করতে পারতেন?
সেদিন তাঁকে বাঁচিয়ে রাখতে বিধাতার ইচ্ছের যথার্থতাই সারাটা খেলোয়াড়ি জীবনে প্রমাণ করে গেছেন স্যার ববি চার্লটন।