ম্যানচেস্টার ইউনাইটেডের ‘আত্মঘাতী’ হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাওয়ায় গতকাল চেলসির বিপক্ষে ম্যাচটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। তার পরও হাই-প্রোফাইল এই ম্যাচে সর্বোচ্চ শক্তি দিয়েই লড়াই চালিয়েছিল তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। উত্তেজনাপূর্ণ ম্যাচের একেবারে শেষপর্যায়ে আত্মঘাতী গোলের বলি হয়ে হার স্বীকার করতে হয়েছে রেড ডেভিলদের। অন্যদিকে ১-০ গোলের জয় দিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অংশ নেয়ার স্বপ্নটা জোরদার করেছে চেলসি। ৩৫ ম্যাচ শেষে এখন ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন রাফা বেনিতেজের শিষ্যরা।ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল ম্যাচের প্রায় পুরো সময়ই কোনো গোল করতে সক্ষম হননি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। ৮৬ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকার পর অনেকেই হয়তো ধরে নিয়েছিল, গোলশূন্য ড্র হতে যাচ্ছে ম্যাচের ফল। কিন্তু ৮৭ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের স্তব্ধ করে দেয় ফিল জোনসের আত্মঘাতী গোল। ম্যানইউর এই মিডফিল্ডারের গোলের সুবাদে জয়ের আনন্দে ভাসে চেলসি শিবির। গতকালের এই জয় দিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণ নিশ্চিত করার কাজটা অনেকখানিই এগিয়ে রেখেছে চেলসি। আগামী বুধবার নিজেদের মাঠে টটেনহ্যামের বিপক্ষে জয় পেলেই পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে তাদের চ্যাম্পিয়নস লিগের যাত্রা। রয়টার্স।