ম্যানচেস্টার ডাকছে রোনালদোকে
ডেভিড বেকহাম ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে অনেক মিল। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠ মাতিয়ে বেকহাম আস্তানা গেড়েছিলেন রিয়াল মাদ্রিদে। বেকহাম যখন ইউনাইটেড ছাড়েন, রোনালদোর গায়ে তখন মাত্রই লাল জার্সি চড়েছে। তারপর বেকহাম যখন রিয়াল ছেড়ে গেলেন মেজর লিগ সকারে, রোনালদো তাঁকে অনুসরণ করে পাড়ি দিলেন মাদ্রিদে। রোনালদো আবার ফিরছেন তাঁর ওল্ড ট্রাফোর্ডে। তবে এই আসাটা তাঁর ভালোবাসার ক্লাব ইউনাইটেডের সঙ্গে যুঝতে। আগামী মঙ্গলবারই যে রিয়াল-ইউনাইটেড মহারণ চ্যাম্পিয়নস লিগে। কিন্তু বেকহাম ভাবছেন, ওল্ড ট্রাফোর্ড রোনালদোকে এমনই রোমাঞ্চিত করবে যে তিনিই হয়তো গড়ে দেবেন ম্যাচের ভাগ্য। এই মুহূর্তে রোনালদোর যা ফর্ম, তাতে বেকহামের সঙ্গে দ্বিমত পোষণ করার লোক খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। কোপা ডেল রের সেমিফাইনালে লিওনেল মেসিকে আড়াল করে সবটুকু আলো কেড়ে নিয়েছেন। বেকহাম অবশ্য তাত্ত্বিক আলোচনায় যাননি, ওল্ড ট্রাফোর্ডে তাঁর ফেরাটাকেই দেখছেন বড় করে, ‘এটা হবে রোমাঞ্চকর একটা ম্যাচ। ম্যানচেস্টারে ফেরার রাতটা রোনালদোর জন্য হবে ‘স্পেশাল’। তার হূদয়ে ইউনাইটেডের জন্য আলাদা একটা জায়গা আছে। সমর্থকেরা তাকে ভালোবাসে। এটা হবে দারুণ একটা ম্যাচ।’রোনালদো আগেই জানিয়েছিলেন পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করলে সেটা উদ্যাপন করবেন না। স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতি পিতৃসম শ্রদ্ধা আছে তাঁর। এমনকি রিয়াল ছেড়ে ইউনাইটেডে যাচ্ছেন এই গুজবও চাউর হয়েছিল কদিন আগে। আবার পুরোনো মাঠে ফেরাটা তাঁর জন্য চাপ নয়, অনুপ্রেরণার উৎস হবে বলেই বেকহামের বিশ্বাস, ‘পুরোনো ক্লাবে ফেরাটা আপনি উপভোগই করবেন। আমি নিশ্চিত, এটা ওকে অনুপ্রেরণা জোগাবে। গ্রেটদের আসলে অনুপ্রেরণার অনেক উৎসই থাকে।’ “রোনালদোর রিয়াল-সতীর্থ ক্যাসিয়াসের কণ্ঠেও রোনালদো-নির্ভরতার সুর, ‘ক্রিস্টিয়ানো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ মুহূর্তে সে দুর্দান্ত ফর্মে আছে, আমাদের নিজের সেরাটাও দিচ্ছে।’ তবে এটাও মানছেন সাবেক সতীর্থরা রোনালদোকে ঠেকাতে আটঘাট বেঁধেই নামবেন, ‘তারা জানে কীভাবে সে খেলে। তাদের মাঠে খেলাটাও দুরূহ। কাজটা তাই কঠিনই হবে।’ ওল্ড ট্রাফোর্ডে গিয়ে ‘আগে ঘর সামলানোর’ পরামর্শও দিয়েছেন রিয়াল গোলরক্ষক। সেজন্য বার্সেলোনার পারফরম্যান্সকে নিতে চান অনুপ্রেরণা হিসেবে, ‘ন্যু ক্যাম্পে আমরা যা করেছিলাম সেটাকেই ওল্ড ট্রাফোর্ডে নিয়ে যেতে হবে। স্কোর এখন ১-১। আমাদের গোল করতে হবে। গোল খাওয়া চলবে না।’ চোটের কারণে অধিনায়ক ক্যাসিয়াস অবশ্য থাকবেন ওল্ড ট্রাফোর্ডের ডাগ-আউটে। ওয়েবসাইট।