ম্যানচেস্টার ডার্বি জিতল সিটি
ম্যাচটা ৪৩ সেকেন্ড পেরোতেই ওল্ড ট্রাফোর্ড নিস্তব্ধ। সামির নাসরির শট পোস্টে প্রতিহত হয়ে ফিরলে ফিরতি বলেই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে দেন এডিন জেকো। বসনিয়ান ফরোয়ার্ড পরে গোল করেছেন আরও একটি। সঙ্গে ইয়া তোরের অন্তিম সময়ের গোল মিলিয়ে লিগে ১৫০তম ‘ম্যানচেস্টার ডার্বি’তে সিটি জিতেছে ৩-০ ব্যবধানে। এ নিয়ে ওল্ড ট্রাফোর্ডে সিটি জিতল সর্বশেষ তিনটি ম্যাচেই।
নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়টি সিটিকে নিয়ে গেছে শীর্ষে থাকা চেলসির আরও কাছে। চেলসি এখনো ৩ পয়েন্টে এগিয়ে বটে; তবে সিটির হাতে দুটি ম্যাচ বেশি আছে। ৩১ ম্যাচে চেলসির পয়েন্ট ৬৯, সিটির ২৯ ম্যাচে ৬৬। ওদিকে আর্সেনালের শিরোপা জয়ের আশা ধাক্কা খেয়েছে আবারও। আগের ম্যাচে চেলসির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত পর পরশু আর্সেন ওয়েঙ্গারের দল নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে। ২-১ গোলে এগিয়ে থাকার পরও আর্সেনালের কপাল পুড়েছে ম্যাচের শেষ মুহূর্তে ম্যাথু ফ্লামিনির আত্মঘাতী গোলে। এএফপি।