ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের হার

এবারের মৌসুমের প্রথম ডার্বিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটি। গতকাল নিজেদের মাঠে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগই ছিল ইউনাইটেডের সামনে। কিন্তু ওল্ড ট্রাফোর্ডেও হতাশা নিয়েই ফিরতে হলো রেড ডেভিলদের। এবারেও তারা হারল তিন গোলের ব্যবধানে। এডিন ডেকোর জোড়া গোলের সুবাদে ম্যানচেস্টার সিটি পেয়েছে ৩-০ গোলের সহজ জয়।
টানা দুটি জয়ের আত্মবিশ্বাস নিয়েই গতকাল নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। খেলাটাও নিজেদের মাঠে বলে জয়ের আশাটাও হয়তো বেশিই ছিল ম্যানইউ সমর্থকদের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী খেলা তো দূরের কথা, প্রতিপক্ষের কাছে যেন নিঃশর্ত আত্মসমর্পণই করলেন ডেভিড ময়েসের শিষ্যরা। খেলা শুরু হওয়ার পর কিছু বুঝে ওঠার আগেই ইউনাইটেডের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ডেকো। এরপর পুরো খেলাই ম্যানসিটি খেলেছে দাপটের সঙ্গে। ডেভিড সিলভা, সামির নাসরি, ইয়া তোরের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ম্লান হয়েই থাকতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঝমাঠকে। আর আক্রমণভাগে নিজের কাজটা চমত্কারভাবে করেছেন ডেকো। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে দেন বসনিয়ান এই স্ট্রাইকার। ৫৬ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি তিনি করেছেন চমত্কার এক হেড থেকে। শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ম্যাচের তৃতীয় গোলটি করেন ইয়া তোরে।
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৩-০ গোলের এই জয়ের পর এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের আশা আরও জোরদার করেছে ম্যানচেস্টার সিটি। ৩১ ম্যাচ শেষে ৬৯ গোল করে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে চেলসি। কিন্তু দুই ম্যাচ কম খেলেই ম্যানসিটির সংগ্রহ ৬৬ পয়েন্ট। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড গড়তে যাচ্ছে আরও একটি লজ্জাজনক রেকর্ড। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর এবারই হয়তো সবচেয়ে কম পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করবে ইউরোপের অন্যতম ধনী এ ক্লাবটি। ৩১ ম্যাচ শেষে তাদের ঝুলিতে জমা হয়েছে মাত্র ৫১ পয়েন্ট। পয়েন্ট তালিকায় অবস্থান সপ্তম স্থানে।— রয়টার্স