ম্যানচেস্টার ডার্বিতেই শুরু ইংলিশ মৌসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটা লিগ-মৌসুম শুরু হচ্ছে—কমিউনিটি শিল্ড কাপের ম্যাচ যে শুধু এই বার্তাই ঘোষণা করে, এমন নয়। মৌসুম সূচক ম্যাচটির আরও মাহাত্ম্য আছে। লিগ শিরোপা জিততে যাচ্ছে কোন দল—কমিউনিটি শিল্ড নাকি এই ভবিষ্যদ্বাণীও করে। কয়েক মৌসুম ধরেই কমিউনিটি শিল্ড জয়ী ক্লাবের মাথাতেই উঠছে প্রিমিয়ার লিগের মুকুট।এই ম্যাচে এবার মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার শহরের দুই প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ডার্বি, যার অর্থ সারা বিশ্বের ফুটবল সমর্থকদের কাছে বরণীয় ম্যানইউর সঙ্গে আরব ধনকুবেরের ম্যান সিটির লড়াই।স্বাভাবিক কারণেই কমিউনিটি শিল্ড ম্যাচের আগে একটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছে ইংল্যান্ডে—জয় হবে কার? ম্যানইউর ফুটবল-আভিজাত্যের, নাকি ম্যান সিটির টাকার? গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করা ম্যান সিটি গ্রীষ্মের দলবদলের বাজারে খরচ করেছে ৫১ মিলিয়ন পাউন্ড। সার্জিও আগুয়েরো, গায়েল ক্লিচি ও স্তেফান স্যাভিচ—ম্যান সিটির কোচ মানচিনির নতুন সৈনিক এঁরাই।তবে লিগের আগমনী শোনানো ম্যাচের আগে এসবে ভয় পাচ্ছেন না ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন, বলেছেন টাকা ঢাললেই লিগ জেতা যায় না। ‘হোসে মরিনহো চেলসিতে এসে অনেক খেলোয়াড় কিনেছিল, আমরা সেই চ্যালেঞ্জটি নিয়েছিলাম। ইংল্যান্ডে লিগ জেতা খুব কঠিন। প্রিমিয়ার লিগের দিকে তাকালে দেখবেন শীর্ষ চারটি স্থানের জন্য ছয়টি দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়’—বলেছেন ১৮ বার কমিউনিটি শিল্ড খেলা ম্যানইউর কোচ ফার্গুসন।১৮ বার খেলে কমিউনিটি শিল্ড ১৪ বার জিতেছে ম্যানইউ। গত বছর চেলসিকে হারিয়েছে তারা। কমিউনিটি শিল্ড নিয়ে অত আবেগ ইংলিশ চ্যাম্পিয়নদের না-ই থাকতে পারে। তবে ম্যান সিটির কাছে এবারের কমিউনিটি শিল্ডটা আবেগেরই। লিগের সূচনার বাজনা বাজানো এই ম্যাচের ফাইনালেই সর্বশেষ খেলেছে তারা ১৯৭৩ সালে। কোচ মানচিনি সেই আবেগ লুকানোর চেষ্টা করেননি, ‘এই ম্যাচটি সত্যিই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’ এএফপি।