ম্যানচেস্টার সিটির নাটকীয় সূচনা
নাটকীয় এক জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে সাউদহ্যাম্পটনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে গতবারের শিরোপাজয়ীরা। তবে এই আনন্দের সঙ্গে ম্যাচ শেষে কিছুটা বিষণ্ন্নতাও ভর করেছে ম্যানসিটি শিবিরে। হাঁটুতে জোর আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের সেরা স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোকে।গতকাল লিগের প্রথম খেলায় বেশির ভাগ সময়ই বলের দখল ধরে রেখেছিল ম্যানচেস্টার সিটি; তৈরি করেছিল বেশ কয়েকটি গোলের সুযোগও। ১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করার মোক্ষম সুযোগ নষ্ট করেন ডেভিড সিলভা। ৪০ মিনিটের মাথায় অবশ্য ম্যানচেস্টার সিটির সমর্থকদের আর হতাশ করেননি কার্লোস তেভেজ। প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখার মিশনে প্রথম গোলটি এসেছে এই আর্জেন্টাইন স্ট্রাইকারের পা থেকে। ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করতে পারলেও ৬৮ মিনিটের মধ্যেই ২-১ গোলে পিছিয়ে পড়ে মানচিনির শিষ্যরা। ৫৯ ও ৬৮ মিনিটে সাউদহ্যাম্পটনের পক্ষে দুটি গোল করেন রিকি ল্যাম্বার্ট ও স্টিভেন ডেভিস। ৭২ মিনিটে আবার খেলায় সমতা ফেরান এডিন ডেকো। অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হবে গতবারের শিরোপাজয়ীদের। কিন্তু ৮০ মিনিটের মাথায় খেলায় নাটকীয়তা আনেন সামির নাসরি। দুর্দান্ত এক গোল করে ম্যানসিটিকে ৩-২ গোলের ঘাম ঝরানো এক জয় এনে দেন এই ফরাসি স্ট্রাইকার। জয়সূচক গোলটি করার পর জার্সি খুলে সবাইকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন নাসরি। তাঁর জার্সির নিচে টি-শার্টে লেখা ছিল ‘ঈদ মোবারক’।তবে খেলার শুরুতেই সার্জিও অ্যাগুয়েরোর ইনজুরি নিশ্চয়ই চিন্তায় ফেলে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে। ১৪ মিনিটের মাথায় হাঁটুতে গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।