ম্যানচেস্টারে অন্য রকম দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এল ক্লাসিকো’ কিংবা ‘মিলান ডার্বি’র মতো জৌলুস হয়তো নেই। এমনকি লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বৈরথের মতো আকর্ষণীয়ও হয়তো কখনো ছিল না। কিন্তু সময় আর পরিস্থিতি এবার পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে। বরাবর নীরবে হয়ে যাওয়া ‘ম্যানচেস্টার ডার্বি’টাই এবার উন্মাদনার ঢাকঢোল পিটিয়ে হাজির। আগামীকাল মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার শহরের দুই ক্লাব ইউনাইটেড ও সিটি। এই ম্যাচটা এরই মধ্যে পেয়ে গেছে সর্বকালের সেরা ‘ম্যানচেস্টার ডার্বি’র খেতাব!লিগ শিরোপা দৌড়ের প্রেক্ষাপটই এবারের ম্যানচেস্টার ডার্বিকে পরিয়ে দিচ্ছে আলাদা মর্যাদার পোশাক। সেই ১৮৮১ সালের ১২ নভেম্বর প্রথম মুখোমুখি হয় দুই প্রতিবেশী। সেই থেকে দুই দলের সাক্ষাৎ হয়েছে ১৬৪ বার, লিগে ১৪৬ বার। কিন্তু এবার ম্যানচেস্টার ডার্বি দুই দলকেই দেখাচ্ছে শিরোপার হাতছানি। ৩৫ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানইউ, দ্বিতীয় স্থানে থাকা সিটির ৮০। আগামীকাল জিতলেই গোল ব্যবধানে এগিয়ে থাকা সিটি উঠে যাবে শীর্ষে। ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসন বলেই দিয়েছেন, ‘ম্যানচেস্টার ডার্বিই নির্ধারণ করবে শিরোপা।’সংগত কারণেই ম্যানচেস্টারবাসী এখন ‘রেড’ এবং ‘ব্লু’ এই দুই শিবিরে বিভক্ত। ডার্বি জ্বরে কম্পমান। ফার্গুসনই বলছেন, দিনটা ম্যানচেস্টারের নাগরিকদের জীবনের গুরুত্বপূর্ণ দিন, যে দিনটার আরেক নাম হয়ে গেছে ‘ম্যানিক মানডে’, ‘উন্মাদনার সোমবার’। ম্যানইউর দীর্ঘ সাফল্যের কারিগরের দাবি, অন্য যে কারও চেয়ে স্নায়ুচাপটা সমর্থকদের ওপরই থাকবে বেশি।গুরুত্বপূর্ণ ডার্বিটা ম্যানইউ খেলছে সুবিধাজনক অবস্থায় থেকে। ড্র করলেও তাদের তেমন কিছুই হবে না। ফার্গুসন তাই বলছেন, ‘আমরা ম্যানচেস্টার সিটির চেয়ে ভালো অবস্থানে। আমরা দুটো ফলই পেতে পারি। কিন্তু তাদের কেবল একটাই ফল পেতে হবে। তাদের জিতবে হবে। আমরা ড্র কিংবা জিততেও পারি, যদিও আপনারা আমার ও ক্লাবের দৃষ্টিভঙ্গিটা জানেন। আমরা জেতারই চেষ্টা করব।’সিটির কোচ রবার্তো মানচিনি ডার্বিতে প্রতিপক্ষ ম্যানইউকেই বিজয়ী দেখছেন। তাঁর যুক্তি, ‘তাদের খেলোয়াড়েরা প্রতিবছরই চাপের মুখে খেলে অভ্যস্ত।’এদিকে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা চেলসি মাঠে নামছে আজ। নিজেদের মাঠে প্রতিপক্ষ কিউপিআর। কোচ রবার্তো ডি মাত্তেও বার্সা-বধের তৃপ্তি ভুলে খেলোয়াড়দের মনোযোগ দিতে বলছেন লিগে। প্রতিপক্ষ অবনমন এলাকার দল বলেই ভয়টা বেশি মাত্তেওর। এএফপি, ওয়েবসাইট।