ম্যানচেস্টারে জোড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের ম্যানচেস্টার এখন উৎসবের নগর। ম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি—দুুটি ক্লাবই মেতেছে শিরোপা উৎসবের আনন্দে। কাল ইউড পার্কে স্বাগতিক ব্ল্যাকবার্ন রোভার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানইউ ঘরে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ১৯ বারের মতো শিরোপা। এর ঘণ্টা দুই পরই ওয়েম্বলিতে দীর্ঘ ৩৫ বছর পর শিরোপা উৎসব করেছে ম্যান সিটি। স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়ে ম্যান সিটি জিতেছে এফএ কাপের শিরোপা। ইয়াইয়া তোরের একমাত্র গোলে এফএ কাপের শিরোপা জিতল তারা ৪২ বছর পরে।শেষ ৩০ সেকেন্ডের জন্যও যেন তর সইছিল না। বারবার নিজের হাতঘড়ি দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করছিলেন রেফারির। অবশেষে সেই বাঁশি বাজল যখন, নিজের বয়সটাকে ওভারকোটের পকেটে পুরে শিশুতোষ আনন্দে মেতে উঠলেন অ্যালেক্স ফার্গুসন। মাঠে তখন রুনি-গিগস-ফার্ডিনান্ডরা জড়িয়ে ধরছেন একে অন্যকে। উৎসবের এই ছবিটা ঢুকে গেল ইতিহাসেও। পেছনে ফেলল ১৮ বার লিগ শিরোপা জেতা লিভারপুলকে।অথচ ছবিটা অন্য রকম হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সামনের দিনগুলোর জন্য আলোচনার খোরাক জোগানো রেফারির দুটি সিদ্ধান্ত পাল্টে দিল ম্যাচের গতিপথ। ২০ মিনিটে স্বাগতিক ব্ল্যাকবার্নকে এগিয়ে দিয়েছিলেন ব্রেট এমারটন। লাইন থেকে প্রায় বেরিয়ে যাওয়া বল টেনে এনে এমারটনকে ক্রস করেছিলেন মার্টিন ওলসন। বল বেরিয়ে গিয়েছিল কি না—এ নিয়ে বেশ খানিকক্ষণ কথা খরচ করলেন ভাষ্যকারেরা। তবে রেফারির দ্বিতীয় সিদ্ধান্তটি নিয়েই হয়তো শোরগোল হবে বেশি।ম্যানইউ যখন হন্যে হয়ে গোল শোধ করার পথ খুঁজছে, পাল্টা আক্রমণ থেকে বেশ কবারই ভয় ধরিয়ে দিয়েছে পুঁচকে ব্ল্যাকবার্ন। ৬৫ মিনিটে তো ওলসনের হেড ধাক্কা লেগে ফিরে এসেছে পোস্টে। ৭১ মিনিটে বক্সে হাভিয়ের হার্নান্দেজকে ফাউল করার দায়ে গোলরক্ষকের বিরুদ্ধে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টির দাবিতে ম্যানইউর খেলোয়াড়েরা ঘিরে ধরেন লাইন্সম্যানকে। শেষ পর্যন্ত তাঁদের চাওয়াই পূর্ণ হয়। ওয়েইন রুনি সমতা ফিরিয়েই উৎসবে মেতে ওঠেন। যে উৎসব ৯০ মিনিটের বাঁশি শেষে ফার্গুসনকে ফিরিয়ে দিয়েছিল তারুণ্যের উচ্ছ্বাস। এক ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলল তাঁর দল।এ নিয়ে ফার্গুসন ১২ বার লিগ জিতলেন ম্যানইউর হয়ে। এর প্রতিটি দলেই ছিলেন তাঁর বিশ্বস্ত সেনানী রায়ান গিগস। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলছিলেন, ‘২০ বছর আগে আমরা লিভারপুলের ধারেকাছেও ছিলাম না। তাদের পেরিয়ে যাওয়ার এই কৃতিত্ব ক্লাব, কোচ আর খেলোয়াড়দের দিতেই হবে। আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের ছাপিয়ে যাওয়ার তৃপ্তি অন্য রকম।’চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা গোলটি রুনি উৎসর্গ করেছেন ভক্ত-সতীর্থদের। এ বছরই তাঁর দীর্ঘ গোল-খরা আর ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে ওঠার প্রসঙ্গও তিনি তুলেছেন, ‘এ বছর আমার অনেক উত্থান-পতন শেষে এটা পেলাম। আমি এটি উৎসর্গ করছি ক্লাবের সমর্থক আর দলকে।’ এএফপি।